প্রবাসীর স্ত্রী হত্যায় গ্রেপ্তার ২, আদালতে জবানবন্দি
চট্টগ্রামের রৌফাবাদে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় দুই যুবকে গ্রেপ্তার করা হয়েছে, যারা টাকা ও স্বর্ণালংকার লুট করতে গিয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন- মোহাম্দ ইয়াছিন (২৭) ও মো. মনসুর (২৫) । এদের মধ্যে ইয়াছিন সম্পর্কে নিহত পারভীন আক্তারের স্বামী নুরুল আলমের চাচাতো বোনের ছেলে।
মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তারের পর বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে তারা জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই মো. ফারুক।
গত ৫ মার্চ রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলার তৃতীয় তলায় খুন হন দুবাই প্রবাসী নুরুল আলমের স্ত্রী পারভীন।
ঘটনার দুদিন পর নুরুল আলম দেশে ফিরে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে নুরুলের ভাতিজা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। মামুনের বাবা মো. শুক্কুরও দুবাই প্রবাসী।
পরে ঘটনা তদন্ত করতে গিয়ে মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াছিন ও মনসুরকে (২৫) বায়েজিদ বোস্তামী থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
তদন্ত কর্মকর্তা এসআই ফারুক জানান, জবানবন্দিতে আসামিরা ওই নারীকে তারা হত্যার কথা স্বীকার করলেও তাকে হত্যার উদ্দেশ্য তাদের ছিল না বলে জানিয়েছে।
নিহতের ভাসুর শুক্কুরের সঙ্গে শত্রুতার কারণে তার বিরুদ্ধে প্রতিশোধের জন্য টাকা যোগাড় করতে লুটের পরিকল্পনার অংশ হিসেবেই তারা ওই বাড়িতে গিয়েছিল বলে দাবি করেছে।
নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তার দুজনই টাকা ও স্বর্ণালংকার লুট করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের দেওয়া তথ্যে লুট করা বিভিন্ন স্বর্ণালংকারও রাউজানের গহিরা এলাকায় একটি স্বর্ণ দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে আরও দুইজন জড়িত থাকলেও ইয়াছিনই হল ‘মূল পরিকল্পনকারী’।
“ঘটনার সময় সে বাসার বাইরে থাকলেও তার সহগযোগী মনসুর, ইছহাক ও রানা বাসায় প্রবেশ করে।”
তিনি জানান, “ইয়াছিনকে পারভীনের ভাসুর শুক্কুর বিদেশে নিয়ে নানাভাবে নির্যাতন করে। সেই সময় থেকে শুক্কুরের প্রতি তার প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। পরে বিদেশ থেকে ফিরে তার ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে।
“তার অংশ হিসেবেই অর্থ যোগাড়ের জন্য শুক্কুরের ছোট ভাই নুরুল আলমের বাসা থেকে অর্থ ও স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।”
এসআই সন্তোষ চাকমা বলেন, টাকা জোগাড় করতে তারা প্রথমে নুরুল আলমের ছেলেকে অপহরণের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিষয়টি কঠিন মনে করে ঘর থেকে টাকা লুট করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী ৫ মার্চ রাতে মনসুরসহ আর দুইজন পারভীনের বাসায় প্রবেশ করে এবং ইয়াছিন বাসার নিচে অবস্থান নেয়।
মনসুর, রানা ও ইছহাক গিয়ে পারভীনকে ছুরি ধরে; এসময় সে চিৎকার করলে তারা তাকে বেঁধে রেখে ইছহাক তার পিটের ওপর বসে ও তার ছেলেকে বেঁধে রাখে। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়।
এরপর বাসায় গিয়ে পারভীনের মারা যাওয়ার পান বলে জিজ্ঞাসাবাদে ইয়াছিন পুলিশের কাছে দাবি করে বলে জানান পুলিশ সদস্য সন্তোষ চাকমা।
