২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্বাসরোধে গৃহবধূ হত্যা, ভাসুরের ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার ভাসুরের ছেলেকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 05:51 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল মামুনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজত চাওয়া হয়েছে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম আবেদন শুনে মামুনের তিনদিন হেফাজত মঞ্জুর করেন।

শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলার তৃতীয় তলায় শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রবাসী নুরুল আলমের স্ত্রী পারভীন আক্তারকে (৩২)। 

রাতেই নুরুল আলমের বড় ভাই আব্দুশ শুক্কুরের ছেলে মামুন পারভীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে থানায় নিয়ে যায় পুলিশ।

দুবাই থেকে দেশে ফিরে সোমবার রাতে নিহতের স্বামী অজ্ঞাত তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।

এর পর মঙ্গলবার এই মামলায় তার ভাতিজা মামুনকে গ্রেপ্তার দেখানো হলো।

মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে মামুন দাবি করেছে, কয়েকজন দুবৃত্ত বাসায় ঢুকে পারভীনের ছেলেকে বাথরুমে বেঁধে রেখে শ্বাসরোধ করে হত্যা করে।

“হত্যাকারীরা পারভীনের বাসা থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও মামুনের অভিযোগ।”

জয়নব ভিলার তৃতীয় তলায় পারভীন ও দ্বিতীয় তলায় তার ভাসুরের পরিবার থাকেন।

রোববার ও সোমবার কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান ওসি মহসিন।

ভবনে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে ঘটনার দিন, ঘটনার আগে-পরে ও দিনের বিভিন্ন সময় ওই ভবনে আসা সবার সঙ্গেই পুলিশ কথা বলার চেষ্টা করছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় মামলা