চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় মামলা
চট্টগ্রামর বায়েজিদ থানার রৌফাবাদে এক প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধে’ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, সোমবার রাতে নিহত পারভীন আক্তারের স্বামী দুবাই ফেরত নুরুল আলম বাদী হয়ে বায়েজিদ থানায় এ মামলা করেন।
মামলায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।
রৌফাবাদ পাহাড়িকা এলাকায় জয়নব ভিলা নামের বাড়ির তৃতীয় তলায় ছেলেকে নিয়ে থাকতেন পারভীন।
শনিবার গভীর রাতে পারভীনের ভাসুরের ছেলে মামুন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মামুন পুলিশের কাছে দাবি করেন, কয়েকজন দুবৃত্ত বাসায় ঢুকে পারভীনের ছেলেকে বাথরুমে বেঁধে রাখে। পারভিনকে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যাকারীরা পারভীনের বাসা থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও মামুনের অভিযোগ।
জয়নব ভিলার তৃতীয় তলায় পারভীন ও দ্বিতীয় তলায় তার ভাসুরের পরিবার থাকেন।
ওসি মো. মহসিন বলেন, ঘটনার পর মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার ও সোমবার কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ভবনে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে ঘটনার দিন ঘটনার আগে-পরে ও দিনের বিভিন্ন সময় ওই ভবনে আসা সবার সঙ্গেই পুলিশ কথা বলার চেষ্টা করছে বলে জানান ওসি মহসিন।
ওসি মহসিন জানান, ময়না তদন্ত শেষে পারভীনের লাশ ফটিকছড়িতে দাফন করা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও পুলিশ আশাবাদী স্বল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
