কোভিড: চট্টগ্রামে শনাক্তের হার নামল ২ শতাংশের নিচে
চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর হার এবার ২ শতাংশের নিচে নামল।
জেলা সিভিল কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭১ শতাংশ। গত এক দিনে কোভিডে কারও মৃত্যু হয়নি।
নতুন রোগীদের মধ্যে ৩৪ জন বন্দরনগরীর, দুজন ফটিকছড়ি, দুজন পটিয়া এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা। এ জেলার বাকি ১২ উপজেলায় কারো নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসেনি।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরুর পর সারা দেশের মত চট্টগ্রামেও জানুয়ারির শুরুতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। ৯ জানুয়ারি এ জেলায় শনাক্ত রোগীর সংখ্যা একশ ছাড়ায়। এক পর্যায়ে তা হাজার ছাড়িয়ে যায়।
২৪ জানুয়ারি দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে চট্টগ্রামে শনাক্তের হার পৌঁছে যায় ৪০ শতাংশে। এরপর তা ধীরে ধীরে কমতে শুরু করে। ১৪ ফেব্রুয়ারি নেমে আসে ৫ শতাংশে নিচে। ১৯ ফেব্রুয়ারি তা ৩ শতাংশের নিচে নামে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শনাক্তের হার টানা দুই সপ্তাহ ৩ থেকে ৫ শতাংশের মধ্যে থাকলে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে মনে করা যাবে।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ২৬ হাজার ৮৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।
