চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠে শুরু হলো একুশে বইমেলা
মৌলবাদ ও জঙ্গিবাদকে উৎসাহিত করে- এমন বই চট্টগ্রামের একুশে বইমেলায় রাখা যাবে না বলে জানিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
রোববার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এবারের একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন ফরমে উল্লেখ করা হয়, “মেলার স্টলে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিরোধী ও পাইরেটেড কোনো বই রাখা যাবে না। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইমেলায় ‘ইসলামী বই বিক্রি করা যাবে না’ এমন গুজব ছড়িয়ে মেলা বয়কটের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিটি মেয়র বলেন, “যেটা দৃষ্টিগোচর হয়েছে- বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে একুশে বইমেলার বিরুদ্ধে যে এখানে নাকি ইসলামী ধর্মীয় বই রাখা যাবে না।
“এটা হচ্ছে- এরা একাত্তরেও ছিল। তার আগেও ছিল। এখনও আছে। এদের প্রেতাত্মারা এখনো মরে যায়নি। ইসলামী ধর্মীয় বই রাখা যাবে না, এটা কোনোখানে বলা হয়নি। অবশ্যই ইসলামী বই রাখা যাবে।
“কিন্তু আমি দৃঢভাবে বলতে চাই, কোনো মৌলবাদী বই রাখা যাবে না। জঙ্গিবাদের আশ্রয়দাতা যারা জঙ্গিবাদকে উৎসাহিত করে, যে বই পড়ে আমাদের তরুণ প্রজন্ম জঙ্গিবাদে উৎসাহিত হয়- সেসমস্ত বই এই মেলাতে রাখা যাবে না।”
বীর মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, “এটা মুক্তিযু্দ্ধের বাংলাদেশ। অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমরা একমাত্র জাতি নিজের মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীতে অনেক জাতি মুক্তির জন্য, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। কিন্তু ভাষার জন্য আমরাই রক্ত দিয়েছি।
“অনেক ইসলামী প্রকাশনা এখানে (মেলায়) রয়েছে। কোনো মিথ্যা প্রোপাগান্ডায় কান দেবেন না। গুজবে কান দেবেন না। এরা করবেই। এরা চায় যে- এসব বইমেলা না হোক। আমাদের আবেগের উপর আঘাত আসুক। এরা অতীতেও চেয়েছে, বর্তমানেও চাইছে, ভবিষ্যতেও চাইবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশে যারা বিশ্বাস করে তাদের সবাইকে আহ্বান করছি আমাদের এই বইমেলাকে সফল করে তোলার জন্য।”
মহামারীর কারণে এবারের বইমেলা শুরু হতে বিলম্ব হয়েছে জানিয়ে মেয়র রেজাউল বলেন, “প্রতি বছর চট্টগ্রাম সিটি করপোরেশন এইখানে বইমেলা করে থাকে। যদিও গতবার আমরা করতে পারিনি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। এবারও একটু বিলম্ব হয়েছে একই কারণে।
“তবু আমাদের সৌভাগ্য সবার মিলিত প্রচেষ্টায় একটু দেরিতে হলেও সম্মিলিতভাবে আজ সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিল্পী, কবি, সাংস্কৃতিক কর্মী সবার সমন্বয়ে এই আবেগের মাসে একুশের বই মেলা উদ্বোধন করছি।”
মেলায় আগতদের স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “বইমেলা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে। একসময় এখানে মেলা হতো না। যখন থেকে শুরু হয়েছে, আমাদের প্রকাশনা বেড়েছে। লেখকরা উৎসাহ পাচ্ছেন।
“তাই ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যাতে বৃহৎ পরিসরে বইমেলা করতে পারি সে চেষ্টা থাকবে। আমাদের আবেগের জায়গায় যাতে সফল হতে পারি।”
এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলোর মোট ১২০টি স্টল আছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই মেলা প্রাঙ্গণে লেখক-পাঠকের আনাগোনা শুরু হয়।
