২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীতে একুশে বইমেলা রোববার থেকে

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু হচ্ছে রোববার, থাকছে ১২০টি স্টল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 07:09 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

শুক্রবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) শিক্ষা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

এবারের মেলায় চট্টগ্রাম ও ঢাকার প্রকাশনা সংস্থাগুলোর ১২০টি স্টল থাকছে বলে জানান তিনি।

তবে ‍শুক্রবার দুপুরেও স্টল নির্মাণের কাজ চলমান দেখা গেছে। মেলার মাঠে ইট বিছানোর কাজও শেষ হয়নি। রোববারের মধ্যে এসব প্রস্তুতি শেষ করার বিষয়ে আশা প্রকাশ করেছে আয়োজক সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন। সেদিন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী মেলার উদ্বোধন করবেন।

মেলা কমিটির আহ্বায়ক মঞ্জু বলেন, “মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননকে নিবেদিত এবারের মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্নার।

Image
মেলা শুরু হতে একদিন বাকি থাকলেও প্রস্তুতি শেষ হয়নি। ছবি: সুমন বাবু

মেলা শুরু হতে একদিন বাকি থাকলেও প্রস্তুতি শেষ হয়নি। ছবি: সুমন বাবু

“পাশাপাশি থাকবে লেখক আড্ডা, নারী লেখক, শিশু কর্নার ও ওয়াইফাই জোন। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওর্য়াকের আওতাভুক্ত থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে সংরক্ষিত আসন।”  

লিখিত বক্তব্যে মঞ্জু বলেন, “মেলা মঞ্চে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বইমেলায় জঙ্গিবাদ কিংবা মুক্তিযুদ্ধ-বাঙালি সংস্কৃতি, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কার্যক্রম ও গ্রন্থ প্রশ্রয় দেওয়া হবে না।”

১৯ দিনব্যাপী এবারের মেলায় অনুষ্ঠানমালার মধ্যে থাকছে– মাতৃভাষা দিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, মরমী উৎসব, আবৃতি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, চাটগাঁ উৎসব, যুব উৎসব, পেশাজীবী সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা অনুষ্ঠান ও ছড়া উৎসব এবং ১০ মার্চ হবে সমাপনী অনুষ্ঠান।

মেলার আহ্বায়ক মঞ্জু জানান, দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

কোভিড-১৯ সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান আয়োজন করা হবে এবং মেলার প্রবেশমুখে থাকবে কোভিড প্রতিরোধক বুথ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর সংস্থার সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মেলা কমিটির সদস্য সচিব সিসিসির প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, যুগ্ম সম্পাদক প্রকাশক শাহ আলম নিপু, কবি ওমর কায়সার, প্রকাশক জালাম উদ্দিন প্রমুখ।