চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাওয়ার পথনির্দেশ
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়ার পথ নির্দেশনা ঠিক করে দিয়েছে নগর পুলিশ।
এতে বলা হয়েছে, সকল গুরুত্বপূর্ণ এবং সরকারি কর্মকর্তারা নগরীর আমতল থেকে হেঁটে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।
তাদের বহনকারী গাড়িসমূহ নগরীর কাজীর দেউড়ি, লাভলেইন, বৌদ্ধ মন্দির, বোস ব্রাদার্স ও রাইফেল ক্লাব হয়ে আমতলে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবে।
জনসাধারণ তাদের বহনকারী গাড়িসমূহ নিজ সুবিধামতো নিউ মার্কেট ও তিনপুল এলাকায় পার্কিং করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা পুনরায় তিনপুল দিয়ে জুবলি রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।
যান চলাচলে বিধি-নিষেধ দিয়ে নির্দেশনায় বলা হয়েছে, রোববার রাত নয়টা থেকে তিন পুল থেকে আমতল হয়ে নিউ মার্কেট এবং রাইফেল ক্লাব হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে।
তবে তিন পুল থেকে প্রাথমিক শিক্ষা অফিস সড়কে একমুখী যান চলাচল করবে।
চট্টগ্রামে নির্মিত সাংস্কৃতিক কমপ্লেক্সের নকশায় নির্মাণ করা হচ্ছে নতুন শহীদ মিনার। তাই ভেঙ্গে ফেলা হয়েছে পুরানো শহীদ মিনারটি।
বিকল্প হিসেবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার। এবার এই শহীদ মিনারেই ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চট্টগ্রামের সকল স্তরের জনসাধারণ।
আরও খবর
