২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আসলামের ভাই আমজাদ বিমান বন্দরে আটক

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 05:21 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে বলে ওসি আবুল কালাম জানিয়েছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমজাদ হোসেনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় এনআই অ্যাক্টের ১৪টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।”

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আমজাদ হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান ওসি।  

তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে দুবাই যাওয়ার পথে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে আমাদের খবর দেয়। আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।”

আমজাদ হোসেন চৌধুরীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য আছে।

সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাৎ: বিএনপির আসলামসহ ৪ জনের বিচার শুরু  

মামলার এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদি হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।

গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার ‍শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। জামিনে থাকা তার স্ত্রীও আদালতে হাজির ছিলেন।

অপর ‍দুই ভাই পলাতক থাকায় আদালত সেদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু জানিয়েছিলেন।