সাতকানিয়ায় ধর্ষণের অভিযোগে ২ অটোচালক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া স্কুল ও মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাইল ছবি
তারা হলেন- মেজবাহ উদ্দিন ওরফে কালু (২০) ও মো. আলমগীর (২১)। তাদের মধ্যে কালুর বাড়ি এওচিয়া এবং আলমগীরের বাড়ি কাঞ্চনা ইউনিয়নে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার এসআই মোমিন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের শিকার দুজনের মধ্যে ১২ বছর বয়সী মেয়েটি মাদ্রাসায় ও ১৪ বছর বয়সী মেয়েটি স্কুলের ছাত্রী।
মাদ্রাসা ছাত্রীটি তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আর স্কুল ছাত্রীটি তার সম্পর্কে খালা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বরাত দিয়ে এসআই মোমিন বলেন, “গত ৭ ফেব্রুয়ারি তারা এক সাথে বাজারে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তাদের অটো রিকশা করে তুলে এওচিয়া আলী নগর এলাকার পাহাড়ে নিয়ে যায়। সেখানে কালু ১৪ বছর বয়েসী কিশোরীকে ও আলমগীর ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে।”
পরদিন সকালে তারা বাড়ি ফিরে বিষয়টি জানানোর পর স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করায় এবং থানায় অভিযোগ দেয়।
এসআই মোমিন বলেন, “ঘটনার পরপর কালু ও আলমগীর পালিয়ে গিয়েছিল। গতকাল তারা এলাকায় আসার খবর পেয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
দুজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
