২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটো রিকশায় ফেলে যাওয়া মালামাল উদ্ধারে সিসিটিভি-অ্যাপ

নগরীর সড়কে বসানো সিসি ক্যামেরার ফুটেজ আর একটি অ্যাপের মাধ্যমে চালককে শনাক্ত করে অটো রিকশায় যাত্রীদের ফেলে যাওয়া নগদ টাকা, গয়না, ল্যাপটপ, ক্যামেরাসহ নানা জিনিস উদ্ধার করছে চট্টগ্রাম নগর পুলিশ- সিএমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 08:06 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

‘আমার গাড়ি নিরাপদ’ সেবা এবং ‘আইজ অব সিএমপি’ কার্যক্রমের আওতায় সড়কে বসানো সিসিটিভির সহায়তায় গত ১২ দিনে উদ্ধার করা হয়েছে বেশ ক’জন যাত্রীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মালামাল।

বাসা থেকে অফিসে যাওয়ার পথে গত ৩১ জানুয়ারি সকালে সঙ্গে থাকা টাকা ভর্তি একটি প্যাকেট ভুল করে অটো রিকশায় রেখে নেমে যান বেরসকারি একটি ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ দাশ।

ঘটনার বর্ণনা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সত্যজিৎ বলেন, “চেরাগী পাহাড় মোড় থেকে অটো রিকশা নিয়ে আমার কর্মস্থল আগ্রাবাদে গিয়েছিলাম। আমার সাথে একটি প্যাকেটে ১ লাখ ৬২ হাজার টাকা ছিল।

“সেটি আমি আমার ডান পাশে রেখেছিলাম। কিন্তু নামার সময় প্যাকেটটি নিতে ভুলে যাই। আমাকে নামিয়ে দিয়ে অটো রিকশাটি চলে যাওয়ায় সেটি আর খুঁজে পাইনি। পরে আমি ডবলমুরিং থানায় একটি জিডি করি।”

অটো রিকশায় ফেলে যাওয়া সেই টাকার প্যাকেট উদ্ধার করে শনিবার তাকে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

অটো রিকশার সন্ধানকারী ডবলমুরিং থানার এসআই আইয়ুব উদ্দিন বলেন, “সত্যজিৎ এর জিডি তদন্ত করতে গিয়ে অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অটো রিকশাটি শনাক্ত করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“অ্যাপের মাধ্যমে ‘আমার গাড়ি নিরাপদ’ সেবায় গাড়ির চালককে শনাক্ত করে টাকা ভর্তি প্যাকেটটি উদ্ধার করা হয়।”

একইভাবে শুক্রবার রাতে মুরাদপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে অটো রিকশায় সোনার গয়নার একটি বাক্স ফেলে যান দিলীপ বড়ুয়া নামে এক ব্যক্তি।

কমিউনিটি সেন্টারে গিয়ে তার মনে পরে উপহারের জন্য নিয়ে যাওয়া অলঙ্কারের বাক্সটি ফেলে এসেছেন অটো রিকশায়।  দ্রুত বিয়ের আসর থেকে বের হয়ে বিষয়টি জানান সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে।

বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুঁজে বের করা হয় অটো রিকশাটি। আর অটো রিকশায় ফেলে আসা অলঙ্কারের বাক্সটি বুঝিয়ে দেওয়া হয় মালিককে।

এর আগে রহিম উল্রাহ শাহ রুবেল নামে এক ব্যক্তি গত ৪ ফেব্রুয়ারি অটো রিকশায় ফেলে যাওয়া ক্যামেরা, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল ফিরে পান গত বৃহস্পতিবার।

এছাড়া গত ২৭ জানুয়ারি সাদিক সালমান নামে এক ব্যক্তি তার বোনের সঙ্গে বাসায় যাওয়ার সময় ভুলবশত ব্যাগ এবং পাসপোর্ট অটো রিকশায় রেখে নেমে যান।

বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেওয়ার পর ‘আমার গাড়ি নিরাপদ সেবার’ মাধ্যমে চালককে খুঁজে বের করে ৩১ জানুয়ারি তাদের মালামাল ফিরিয়ে দেয় ট্রাফিক পুলিশের ‍উত্তর বিভাগের সদস্যরা।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার আওতায় চট্টগ্রাম নগরীতে চলাচলরত অটো রিকশাগুলো নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

সিএমপির ‘নিবন্ধনের’ আওতায় আসছে সিএনজি অটোরিকশা  

বন্দর নগরী জুড়ে বসছে পুলিশের ‘চোখ’  

“আর নিবন্ধিত অটো রিকশাগুলোতে কিউআর কোড সংবলিত স্টিকার লাগানো হচ্ছে। যে কোনো যাত্রী তার মোবাইল ফোন থেকে অটো রিকশার চালক-মালিক সম্পর্কে বিস্তারিত জেনে সেটিতে ভাড়ায় যাতায়াত করতে পারছেন।”

পুলিশ কর্মকর্তা বলেন, “বিভিন্ন সময়ে যাত্রীরা ভুল করে অটো রিকশায় তাদের প্রয়োজনীয় মালামাল ফেলে আসার ঘটনা ঘটে। যেগুলো আগে বেশির ভাগ সময় খুঁজে পাওয়া যেত না।

“কিন্তু ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার আওতায় অটো রিকশার ডেটাবেজ থাকার কারণে কোনো যাত্রী তার মূল্যবান জিনিসপত্র অটো রিকশায় ফেলে গেলে সেগুলো খুঁজে পাচ্ছেন।”

চট্টগ্রাম নগরীতে চলাচল করা প্রায় ১৩ হাজার অটোরিকশাকে এক তথ্যভাণ্ডারের আওতায় আনতে গত বছর ৬ ডিসেম্বর থেকে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে একটি ডেটাবেজ তৈরির কাজ শুরু করে চট্টগ্রাম নগর পুলিশ।

তার আগে নভেম্বর মাসে ‘আই’জ অব সিএমপি’ নামে নগর জুড়ে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করে সিএমপি। নগরীর গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে ৪১১টি ক্যামেরা বসিয়ে সেগুলো সিএমপি সদর দপ্তরের সাথে সংযুক্ত করা হয়েছে। 

অটো রিকশা মালিকরা জাতীয় পরিচয়পত্র, অটোরিকশার নিবন্ধন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের কাগজ দিয়ে নির্ধারিত ফরম পূরণ করবেন।

আর চালকরা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স, অটোরিকশার তথ্যসহ ফরম পূরণ করে নিবন্ধন করে রাখবেন। এসব তথ্য সিএমপির সার্ভারে জমা থাকবে।

নিবন্ধনের পর অটো রিকশার সামনে কিউআর কোড সংবলিত একটি স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। আর চালকদের দেওয়া হচ্ছে একটি নিউমেরিক কোড সম্বলিত আইডি কার্ড। সেটা যাত্রীর আসনের সামনে টাঙিয়ে রাখতে হয়।

যে কোনো যাত্রী অটো রিকশায় যাতায়াতের আগে তার মোবাইল ফোন থেকে চালক এবং মালিক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

নগর পুলিশের কর্মকর্তারা জানান, স্মার্টফোন ব্যবহারকারীরা সিএমপির ‘হ্যালো সিএমপি’ অ্যাপে প্রবেশ করে সিএমপি ট্রাফিকে ‘নিরাপদ বাহন’ অপশনে ক্লিক করে ভেরিফাইড করা গাড়িতে থাকা কিউআর কোড স্ক্যান অথবা নিউমেরিক আইডির কোড দিয়ে গাড়ির চালক ও মালিকের ছবি দেখতে পারবেন এবং অন্য সব তথ্য জেনে নিতে পারবেন।

আর যাদের স্মার্টফোন নেই তারা গাড়িতে টাঙানো কার্ডের নিউমেরিক কোড সিএমপির নির্ধারিত ০৯৬১২৪৭২৯৯৯ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় গাড়ির মালিক ও চালক ভেরিফাইড কিনা সেটা জানিয়ে দেওয়া হয়।

নগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৮২০ জন মালিক এবং ১৩ হাজার ৭৫৮ জন চালক এর নিবন্ধন করেছেন।

এদের মধ্যে ২ হাজার ৯৪৪ জন মালিক ও এক হাজার ২০১ জন চালককে কিউআর কোড সম্বলিত স্টিকার ও নিউমেরিক কোড সংবলিত আইডি কার্ড বিতরণ করা হয়ে গেছে।

উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল জানান, নগরীতে ১৩ হাজার নিবন্ধিত অটো রিকশা চলাচল করলেও মালিক অর্ধেকেরও কম। আবার চালক ১৩ হাজারেরও বেশি। একজনের যেমন একাধিক অটো রিকশার মালিকানা আছে ঠিক তেমনি একাধিক ব্যক্তি একটি অটো রিকশা চালান।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সেবাটিকে আরও পারফেকশনে নিয়ে যেতে চাই আমরা। এ সেবার সাথে চালক-মালিক, যাত্রী সবাই নিরাপদ বোধ করে।

“‘আমার গাড়ি নিরাপদ’ ও ‘আই’জ অব সিএমপি’র সমন্বিত সফলতা আসা শুরু হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে অটো রিকশা শনাক্ত করে সেগুলো ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার মাধ্যমে মালিক-চালকের খোঁজ পাওয়া যাচ্ছে।”

নগর পুলিশ প্রধান জানান, এখনও অনেক অটো রিকশায় স্টিকার লাগানো বাকি আছে। তবে দ্রুত সময়ের মধ্যেই নগরীতে চলাচলকারী সব অটো রিকশায় স্টিকার লাগানোর কাজ শেষ করার চেষ্টা চলছে। 

“সব অটো রিকশায় স্টিকার লাগানোর হয়ে গেলে আমরা নগরবাসীকে অনুরোধ করব যাতে স্টিকারবিহীন কোনো অটো রিকশায় কেউ যাতায়াত না করে। আমরা চাই নগরবাসী ‘আমার গাড়ি নিরাপদ’ সেবাটি চর্চার মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠুক।”

স্টিকার লাগানো অটো রিকশায় যাত্রীরা ওঠার আগে কিউআর কোড স্ক্যান করে চালক-মালিকের তথ্য জেনে নেন, সেক্ষেত্রে অটো রিকশা খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যায়।

তাই যাতায়াত করার আগে অটো রিকশার কিআর কোড স্ক্যান কিংবা নিউমারিক কোড থেকে চালক মালিক সম্পর্কে জেনে নেয়ারও পরামর্শ চট্টগ্রাম নগর পুলিশের।