২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল চাবি দিয়ে ট্রাক চুরি করে পুলিশের কাছে ধরা

স্ত্রীর চিকিৎসার টাকা জোগাড় আর মোটর সাইকেল কেনার লোভে চট্টগ্রামে ট্রাক চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছে এক চালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 03:52 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

নগরীর খুলশী থানার টাইগার পাস এলাকা থেকে শুক্রবার ওই চালককে আটকের পর তার স্বীকারোক্তিতে কর্ণফুলী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা মিনি ট্রাকটিও।

গ্রেপ্তার আসিফ করিম রনি (২৭) পেশায় ট্রাক চালক। নোয়াখালীর সুধারাম থানা এলাকায় তার বাড়ি হলেও থাকেন নগরীর টাইগার পাস এলাকায়।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু তাহের নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন- গত ৮ ফেব্রুয়ারি ভোরে টাইগার পাস পি-ডব্লিউ কলোনী মসজিদের সামনে থেকে তার একটি মিটি ট্রাক চুরি হয়েছে।

এ ঘটনার তদন্ত করতে গিয়ে শুক্রবার সন্দেহজনভাবে রনিকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কর্ণফুলী থানার ফকিরনির হাট এলাকার একটি গ্যারেজ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।  

ওসি সন্তোষ চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানিয়েছে তার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। পাশাপাশি তার একটি মোটর সাইকেল কেনারও শখ হয়েছে। সেই টাকা জোগাড় করতে তিনি ট্রাকটি চুরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই সাহেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনির সাথে ট্রাক মালিকের আগে থেকে পরিচয় ছিল। কিছুদিন সে ট্রাকটি চালিয়েছিল। ওই সময় একটি নকল চাবি তৈরি করেছিল, যা মালিক জানত না।

স্ত্রীর অপারেশনের টাকা জোগাড় ও নিজের একটি মোটর সাইকেল কেনার লোভে রনি ট্রাকটি চুরি করেছিল জানিয়ে তিনি বলেন, “ট্রাক মালিক পরিচিত এবং আগে চালানোর কারণে ট্রাকটি সম্পর্কে বিস্তারিত জানত রনি। তাই এ ট্রাকটি চুরির টার্গেট করেছিল বলে জানিয়েছে।”

এসআই সাহেদ খান জানান, ট্রাকটি চুরির পরপর রনি সেটির ইঞ্জিনের ত্রুটি সারানোর কথা বলে ফকিরনির হাটে একটি গ্যারেজে রেখে আসে। গ্যারেজ মালিক তাকে ট্রাকটি সাথে সাথে মেরামত করে নিয়ে যাওয়ার কথা বললেও তিনি সময়ের অজুহাত দেখিয়ে পরে করাবেন বলে চলে আসে।

আবু তাহেরের করা মামলায় রনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি সন্তোষ চাকমা।