২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫৫ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে প্রায় ৫৫ লাখ টাকার সরঞ্জাম এবং মোবাইল ফোনের এক হাজারেরও বেশি সিমসহ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত্ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 08:18 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনার নিজ বাড়ি থেকে মো. বদরুদ্দোজাকে (৩৬) বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে নগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকার কাশেম ম্যানসন নামে একটি ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কর্মকর্তাদের নিয়ে অভিযানে যায় র‍্যাব।

বিকালে সে অভিযানের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

তিনি জানান, অভিযানে বাসাটি থেকে অত্যাধুনিক তিনটি ভিওআইপি মেশিন, চারটি ল্যাপটপ, ১ হাজার ৩৫০টি সিম, আটটি রাউটার, ট্যাব, পাঁচটি মডেমসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাবে-৭ এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সরঞ্জামের মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।

র‍্যাব অধিনায়ক বলেন, “গ্রেপ্তার বদরুদ্দোজা মূলত তার ছোট ভাই নুরুল হুদা ওরফে রনিকে নিয়ে অবৈধ এ ব্যবসা পরিচালনা করত। দীর্ঘ ১৮ বছর তিনি সৌদিআরব ছিলেন। পরে করোনাকালীন সময়ে দেশে ফিরে আসেন।

“তার ছোট ভাই রনির এ সংক্রান্ত তথ্য প্রযুক্তির ধারণা ছিল। বদরুদ্দোজার আর্থিক পৃষ্ঠপোষকতা এবং রনির টেকনিক্যাল নলেজের মাধ্যমে দেড় বছর আগে বাসা ভাড়া নিয়ে তারা এ ব্যবসা শুরু করে।”

ভবন মালিকের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা জানান, “তারা সাড়ে আট হাজার টাকায় বাসাটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার আগে তারা জানিয়েছিল পার্শ্ববর্তী স্থানে তারা একটি ভবন নির্মাণ করছেন।

“সেটির দেখভাল করার জন্য তাদের একটি বাসা প্রয়োজন। ভাড়া নিয়েই সেখানে অবৈধ ভিওআপি সরঞ্জাম স্থাপন করে।”

র‌্যাব কর্মকর্তা ইউসুফ জানান, বাসায় না থেকে তারা সেখানে চারটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। মোবাইল ফোন থেকে সরঞ্জামগুলোর দেখভাল করত এবং সপ্তাহ/১০দিন পরপর সেগুলো দেখতে যেত।

গ্রেপ্তার বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে র‌্যাব অধিনায়ক জানান, জব্দ করা টেলিটক সিমগুলো প্রতিটি ৪৮০ টাকা দরে নিবন্ধন ছাড়া তারা কিনত। আর বিদেশে প্রতিটি কলে তারা ৬ পয়সা করে লাভ পেত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জব্দ করা সিমগুলোর বেশিরভাগই অচল। তারা একসঙ্গে ৬০-৭০টি সিম সংগ্রহ করত। এর মধ্যে যেগুলো বন্ধ করে দেওয়া হতো তার বাইরে বাকিগুলো ব্যবহার করত এবং নতুন সিম সংগ্রহ করত।”

র‌্যাব অধিনায়ক ইউসুফ জানান, গণমাধ্যমসহ বিভিন্নভাবে আমরা জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও বিটিআরসি ও তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে প্রতিদিন গড়ে দুই কোটি মিনিট কল আসে।

“সেখান থেকে বোঝা যায় এ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকার কী পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে,” বলেন তিনি।

র‍্যাব কর্মকর্তা বলেন, “উদ্ধার করা সিমগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে চাইলে নিবন্ধিনহীন সিম সংগ্রহ করা যায়। যেগুলোর মাধ্যমে জঙ্গিসংশ্লিষ্ট কাজসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করা যায়।

এ ঘটনায় বিটিআরসি’র পক্ষ থেকে বাকলিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাব অধিনায়ক।

র‍্যাবের পক্ষ থেকে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ভিওআইপি বিরোধী অভিযান পরিচালনা করা হয় বলে সাংবাদিকদের জানান তিনি।

“কিছুদিন ধরে আমাদের কাছে তথ্য আসছে আবারও অবৈধ ভিওআইপি ব্যবসা চলছে। এরপর থেকে নজরদারি শুরু করে নিশ্চিত হয়ে এ অভিযান পরিচালনা করা হয়।