চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ভারতীয় সহকারী হাই কমিশনারের
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্কের কথা তুলে ধরে রাজীব রঞ্জন বলেন, “উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবেলা এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের উন্নতি প্রশংসনীয়।”
এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ভারতীয় সহকারী হাই কমিশনারকে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি আলী আব্বাস। এ সময় সহকারী কমিশনারও ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন ক্লাব সভাপতির হাতে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আলী আব্বাস, জ্যেষ্ঠ সহসভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।
