চট্টগ্রাম স্টেশনে অব্যবস্থাপনা দেখে রেলের দুই কর্তাকে বহিষ্কারের নির্দেশ সুজনের
চট্টগ্রাম রেল স্টেশনে অব্যবস্থাপনা দেখতে পেয়ে ডিআরএম ও স্টেশন ম্যানেজারকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের একটি প্রস্তাবিত বহুতল ভবনের জন্য স্থান পরিদর্শনে আসেন তিনি।
ওই এলাকা দেখা শেষে মন্ত্রী চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে যান। সেখানে স্টেশনের সামনে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে রাখতে এবং ভাসমান দোকান দেখতে পান।
এ পরিস্থিতি দেখে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শামস মো. তুষার এবং স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করতে সেখানে উপস্থিত পূর্ব রেলের জিএম জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, “রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের একটি প্রস্তাব ছিল যে তারা তাদের কল্যাণের জন্য এখানে একটি মার্কেটের…। কোন জায়গাটা আসলে মার্কেটের জন্য দেওয়া হচ্ছে, সেটা মাঠ পর্যায়ে দেখার জন্যই মূলত আমাদের এখানে আসা। এটা আমরা দেখলাম। দেখার পরে… ঢাকায় গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিব।”
এরপর রেলমন্ত্রী পূর্ব রেলের সদর দপ্তর সিআরবিতে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
