২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে বাবা-ছেলের খোঁজে তল্লাশিতে মিললো আরেক লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা উল্টে নিখোঁজ বাবা-ছেলের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে সেখানে পাওয়া গেছে আরেক কিশোরের লাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 01:13 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার সকালে নগরীর আনুমাঝির ঘাট সংলগ্ন এফআর গ্রিন ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশটি শরীফ উদ্দিন নামে ১৪ বছর বয়সী এক কিশোরের, যে গত শুক্রবার নদীতে নিখোঁজ হয়েছিল বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আনু মাঝির ঘাট সংলগ্ন এফআর গ্রিণ ঘাটের পন্টুনের নিচ থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়।

“কেউ বলছে অভয়মিত্র ঘাট এলাকায় নদরীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। আবার কেউ জানিয়েছে, পরিত্যক্ত জাহাজ থেকে পড়ে গিয়েছিল সে।”

শরীফের বাবা তর লাশ শনাক্ত করেছেন বলে জানান ওসি মিজানুর রহমান।

কর্ণফুলীতে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ  

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদিন আগে নিখোঁজ বাবা-ছেলের খোঁজে নদীতে তল্লাশির সময় শরীফ উদ্দিন নামে ওই কিশোরের লাশ পাওয়া যায়।

“শুক্রবার ওই কিশোর অভয়মিত্র ঘাটে নিখোঁজ হয়েছিল। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আজ শরীফের লাশটি পাওয়া যায়।”

রোববার ভোরে মাছ ধরতে গিয়ে ডিঙ্গি নৌকা উল্টে নিখোঁজ হয় তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাশ (১৫)।

রোববার ভোরে সমীরের চাচা সুজিত দাসকে নিয়ে ডিঙ্গি নৌকায় তারা মাছ ধরছিলেন। আনু মাঝির ঘাট এলাকায় নদী ও খালের সংযোগস্থলে জলের ঘূর্ণিতে পড়ে তাদের নৌকা উল্টে যায়। সুজিত সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাবা-ছেলে উঠতে পারেনি।

সুজিতের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান বলেছিলেন, ভোর সাড়ে ৫টার দিকে তারা তিনজন শিকলবাহা খাল হয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। ফেরার সময় সকাল সাড়ে ৬টার দিকে তাদের নৌকা উল্টে যায়।

নিখোঁজের ৩৬ ঘণ্টা পরও তপন ও তার ছেলে সমীরের সন্ধান মেলেনি।