২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ

চট্টগ্রামে কর্নফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 05:31 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

রোববার সকালে নদীর আনু মাঝির ঘাট এলাকায় তারা ডুবে যাওয়ার পর বিকাল পর্যন্ত তল্লাশি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুজন হলেন- তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাশ (১৫)। তাদের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায়।  

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে তপন তার ছেলে সমীর ও চাচা সুজিত দাসকে নিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছিলেন। আনু মাঝির ঘাট এলাকায় নদী ও খালের সংযোগ ঘুর্ণিতে তাদের ডিঙ্গিটি উল্টে যায়। এসময় সুজিত সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাবা-ছেলে উঠতে পারেনি।

সুজিতের উদ্ধতি দিয়ে ওসি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে তারা তিনজন শিকলবাহা খাল হয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে আসে। মাছ ধরে ফেরার সময় সকাল সাড়ে ছয়টার দিকে তাদের নৌকাটি উল্টে যায়।

তাদের উদ্ধোরে ফায়ার সার্ভিসের তিন জন ডুবুরি এবং কোস্ট গার্ড সদস্যরা কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সেকান্দার মোল্লা।