চট্টগ্রামে হেলে পড়া ভবন ‘বসবাস অযোগ্য’ ঘোষণা
চট্টগ্রামের মাঝিরঘাটের গুলজার খাল খননের সময় হেলে পড়া দুই ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে দিয়ে সেটি ‘বসবাস অযোগ্য’ ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার সংস্থাটির অথরাইজ অফিসার প্রকৌশলী মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে জানান, হেলে পড়া ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে দিয়ে ঝুঁকি কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে কেউ বসবাস করতে পারবে না।
মঙ্গলবার বিকালে সেখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় লোকজন খাল খননের কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়াকে দায়ী করলেও সিডিএ বলছে, হেলে পড়া ভবন দুটি অবৈধ এবং খালের পাড়ে অগভীর ভিত্তির ওপর পরিকল্পনা ছাড়াই নির্মাণ করার কারণেই হেলে পড়েছে।
গত সোমবার রাতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্র্যান্ড রোড পার্বতী ফকিরপাড়ার শেষ প্রান্তে গুলজার খাল সংলগ্ন তিন তলা ও দোতলা দুটি ভবন এবং একটি মন্দির হেলে পড়ে।
কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মঙ্গলবার সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়ার পর ভবন দুটির ঝুঁকিপুর্ণ অংশ ভেঙ্গে সেটির ঝুঁকি কমানোর কথা জানান সেখান উপস্থিত সিডিএ কর্মকর্তারা। এরপর তা বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সিডিএ এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্ক্যাবেটর দিয়ে গুলজার খাল খননের কাজ চলছে। খালের সীমানার সঙ্গেই দোতলা ও তিনতলা ভবন দুটির অবস্থান। পাশেই বিঞ্চু ও জগন্নাথ মন্দির। মন্দিরের সঙ্গেই কয়েকটি টিনশেড ঘর রয়েছে।
স্বপন দাশ ও শ্যামল দাশের মালিকানাধীন ভবন দুটিতে তাদের পারিবারিক শরিকরা থাকতেন। হেলে পড়ার পর ভবন দুটি ও পাশের টিনশেড ঘর থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার পর ভবন দুটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে ফেলা হয়।
চট্টগ্রাম শহরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডসংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় খাল খননের সময় মাটি সরে সোমবার রাতে তিনতলা ও দোতলা দুটি ভবন হেলে পড়ে। ছবি: সুমন বাবু
ভবনগুলো সিডিএ এর অনুমোদন নিয়ে করা হয়েছে দাবি করে তিনি বলেন, “আমাদের কোনো কথা না শুনেই এটি ভেঙ্গে ফেলা হচ্ছে। এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াব।“
মঙ্গলবার সকাল থেকে সিডিএ এর নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান ও অথরাইজ অফিসার প্রকৌশলী মোহাম্মদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ভবন দুটি অবৈধভাবে তোলা হয়েছে। তারা সিডিএ থেকে কোনো প্ল্যান নেয়নি এবং অনুমোদন ছাড়াই কোনো প্রকৌশলীকে দিয়ে নকশা না করে অগভীর ভিত্তির ওপর তুলেছে।‘‘
অপরিকল্পিত স্থাপনার কারণে খাল খনন করতে গিয়ে হেলতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘‘সাধারণত খালের পাড়ে ভবন করার ক্ষেত্রে কমপক্ষে ১৫ ফুট জায়গা রাখার নিয়ম থাকলেও ভবন দুটি করার ক্ষেত্রে তা হয়নি।‘‘
স্বপন ও শ্যামল দাশের মালিকানাধীন হেলে পড়া ভবনের দক্ষিণ পাশে ১০ মাস আগেও রাজ মোহন দাশের মালিকানাধীন দোতলা একটি পাকা ভবন ছিল।
স্থানীয় বাসিন্দা নারায়ন দাশ বলেন, এ বছরের মার্চ মাসে খালপাড়ের ওই ভবনটি হেলে পড়ার পর কিছু অংশ ধসে পড়লে মালিকপক্ষ নিজেরাই সেটি ভেঙ্গে ফেলেন। বর্তমানে সেখানে একতলা সেমিপাকা ঘর করে তারা থাকছেন।
সিডিএ এর জলাবদ্ধতা প্রকল্পের অংশ হিসেবে খাল খননের কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
এ প্রকল্পের প্রধান লে. কর্নেল শাহ মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাল খননের সময় ওই ভবনের মালিকদের সতর্ক করা হয়েছিল। সেসময় খালের ওপরে থাকা ভবন দুটির বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়। খালের কাজ করার সময় ভবনের ভিত নরম বলেও তাদের জানানো হয়েছিল।
সিডিএ এর নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালের পাশে মাটি যেখানে খুবই নরম এবং প্লাস্টিকে ভর্তি সেখানে কোনপ্রকার ভিত্তি ছাড়াই ভবন করা হয়েছে। এসব ভবন করে তারা অপরাধ করেছেন।
কোনো প্রকৌশলীর পরামর্শ না নিয়ে ভবনটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মালিকপক্ষ তাদের ভুলের দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। ভবনগুলো সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে। খালের কাজ করার সময় অবৈধ দেয়াল অপসারণ করা হয়েছিল।
