১৭৩ বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবর্ধনা
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
রোববার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। এ কারণেই হাজার বছরের ইতিহাসে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
“কিন্তু দুভার্গ্য, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেই ক্ষান্ত হয়নি, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামও মুছে দেওয়ার সমস্ত অপপ্রয়াস চালানো হয়েছে। তারা বুঝতে পারে নাই, বঙ্গবন্ধু কাগজে লেখা একটি নাম নয়, বঙ্গবন্ধু বাঙালির অন্তরে ধারণ করা একটি নাম ও ইতিহাস।”
“মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সে কারণেই, জীবন বাজি রেখে যে অবদান তারা রেখে গেছেন, সে দীক্ষায় দিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”
অন্যদের মধ্যে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব ডা. জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
