‘খুনিদের আশ্রয় কী করে,’ যুক্তরাষ্ট্রকে হানিফ
র্যাব ও এর বর্তমান-সাবেক কর্মকর্তাদের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে কী করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা আশ্রয় পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হঠাৎ করে আমেরিকা থেকে আমাদের দুটি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে। আমরা অবাক হলাম। তাদের বিরুদ্ধে অভিযোগটা কী?
“অভিযোগ হচ্ছে তারা নাকি মানবাধিকার লঙ্ঘন করেছেন। র্যাবের প্রধান ছিলেন বেনজীর আহমেদ। তার নির্দেশে নাকি ক্রসফায়ারে মানুষ মারা গেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখনও যিনি র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, উনার নির্দেশেও নাকি ক্রসফায়ারে মানুষ মারা গেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে।”
হানিফ বলেন, “আমরা একটি জিজ্ঞাসা, যারা এ নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের উদ্দেশ্যে। সত্যিকার অর্থেই যদি আপনাদের এই নিষেধাজ্ঞা হয় তাহলে তো আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ২০০৫ সালের ৫ জুন ওইসময় যে অতিরিক্ত মহাপরিচালক ছিলেন ব্রিগেডিয়ার ফজলুল বারী (ব্রিগেডিয়ার জেনারেল (অব.) চৌধুরী ফজলুল বারী) তিনি মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে বলেছিলেন, ক্রসফায়ার আছে। বাংলাদেশে এটা বন্ধের কোনো প্রয়োজন নেই, এটা চলবে।
“সেই ফজলুল বারী এখন কোথায়? সে কী করে এখন আমেরিকার মতো জায়গায় থাকতে পারে? প্রকাশ্যে বলে যে মানবাধিকার লঙ্ঘন করেছিল সে ফজলুল বারী কী করে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারে? এক যাত্রায় দু’রকম ফল কেন করবেন?”
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধী রাজাকারদের দোসর ছিল, বিশেষ করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মূল দুজন সেই চৌধুরী মাঈনুদ্দিন লন্ডনে এবং আশরাফুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। কী করে খুনিদের আপনারা আশ্রয় দিয়েছেন?
“বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, আদালতে যার মৃত্যুদণ্ড হয়েছে সেই মেজর নূরকে কী করে আপনারা রাষ্ট্রীয় আশ্রয়ে সেখানে রেখেছেন? একদিকে হত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদের আশ্রয় দিয়ে, আরেকদিকে অন্য দেশের সংগঠনের কথা বলবেন যে- মানবতা লঙ্ঘন করেছে তাই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা আসলে একটা গভীর ষড়যন্ত্রের চক্রান্তের অংশ হিসেবেই অনেকে মনে করছে।”
তিনি বলেন, “নিষেধাজ্ঞা দেওয়ায় ঘোষণা খুশিতে বিএনপির নেতা মির্জা ফখরুলদের খুশিতে বাকুম বাকুম শুরু হয়ে গেছে। মনে করেছেন বুঝি এবারই বোধহয় সরকার চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র অতীতের মতো প্রতিহত করবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ও মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক এবং দেশীয় নানা ধরনের ষড়যন্ত্র এখনও হচ্ছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র একটা তদবিরের রাষ্ট্র। সেখানে পয়সা দিয়ে তদবির করা যায়। এটা সেখানে আইনত বৈধ।“
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগরের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, যুগ্ম সম্পাদক বদিউল আলম, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।
