২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ক্র্যাপ জাহাজে ডাকাতি, ৪৩ ‘জলদস্যু’ গ্রেপ্তার

গভীর সাগরে স্ক্র্যাপ জাহাজে ডাকাতির সময় ৪৩ ‘জলদস্যুকে’ গ্রেপ্তারের খবর জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী-কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 07:21 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

কক্সবাজার লাইট হাউজ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, বঙ্গোপসাগরের ওই এলাকায় ‘এমভি লাডিন্ডা’ নামের একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাতি চলছে বলে মঙ্গলবার রাতে কোস্ট গার্ডকে খবর দেয় এএইচজেড নামের একটি শিপিং এজেন্ট কোম্পানি।

খবর পেয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ ‘মনসুর আলী’ সেখানে গেলে এক দল লোক দুটি স্পিডবোট নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

তখন তাদের ধাওয়া করে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ‘এমভি লাডিন্ডা’ জাহাজ থেকে লুট করা বার্থিং হাউজার, স্টিল ওয়্যার রোপসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও কোস্ট গার্ড জানিয়েছে।