২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের মাসে মঞ্চে এল ‘দাম দিয়ে কিনেছি বাংলা'

মুক্তিযুদ্ধে বিজয়ের মাসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল প্রমা আবৃত্তি সংগঠনের প্রযোজনা 'দাম দিয়ে কিনেছি বাংলা'।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 10:29 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

শুক্রবার সন্ধ্যায় প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় প্রযোজনাটি মঞ্চস্থ হয়। 

'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকি তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি' গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।  নাচে অংশ নেন প্রমা অবন্তী ও তার দল। 

২৫ মার্চ কালরাতের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে যায় পরিবেশনা। ঘটনা পরম্পরায় শহীদ আজাদ ও শহীদ রুমির আত্মদানের গল্প উঠে আসে। চিত্রিত হয় শহীদ আজাদের মায়ের ত্যাগের কাহিনী। 

দুই শহীদের ঘটনাকে উপজীব্য করে এগিয়ে যায় একাত্তরের দিনগুলি। 'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা' গানের সাথে প্রমা অবন্তির দলের নাচ নজর কাড়ে দর্শকদের।

জজ হ্যারিসনের 'বাংলাদেশ' এবং মৌসুমি ভৌমিকের কণ্ঠে 'যশোর রোড' গানের পশ্চাদপটে ভেসে উঠে একাত্তরে যশোর রোডের দৃশ্য ও শরণার্থী শিবিরের ছবি। 

প্রযোজনায় অংশ নেন প্রমা আবৃত্তি সংগঠনের মঞ্জুর মুন্না, এটিএম সাইফুর রহমান, নাজমুল আলিম সাদেকী, মামুরা মমতাজ দীপা, আচরারুল হক, ফাহিম উদ্দিন শাওন, মৌসুমি চক্রবর্তী, আফসানা ফাইরুজ, তানজীয়া নওরিন, তন্বী দাশসহ অন্যরা। 

আলোকসজ্জায় ছিলেন বাপ্পা চৌধুরী, আবহ সংগীতে ছিলেন সৃজন ও রনি। 

লিটন নন্দীর কণ্ঠে 'দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়' গানের মধ্যে দিয়ে শেষ হয় পরিবেশনা।