২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারাবন্দিরা পেলেন কোভিড টিকা

করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদেরও কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 09:46 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কারাগারে টিকা দেওয়া হয়। প্রথম দিনে আটশ বন্দিকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বন্দিদের টিকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কারাগারের ডিআইজি (প্রিজনস) একেএম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।  

অনুষ্ঠানে জানানো হয়, প্রথমদিনে আটশ কারাবন্দিকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাত হাজার ৮০০ কারাবন্দি রয়েছে। সরকারের নির্দেশনায় তাদের প্রত্যেককে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।

“নির্দিষ্ট কার্ডে নাম, ঠিকানা ও পরিবারের মোবাইল নম্বর লিখে প্রথম দিন আটশ বন্দিকে ফাইজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ওই কার্ডে উল্লেখ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বন্দিকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।”

কারাগারে থেকে যে সব বন্দি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের সেখানেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

যারা প্রথম ডোজ নেওয়ার পর জামিনে মুক্তি পাবেন, তারা বাইরে থেকে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে ডা. শাহরিয়ার জানান।

বিভিন্ন অপরাধে আসামি হয়ে যারা নতুনভাবে কারাগারে আসবে, তাদেরকেও টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।