২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর বাড়িতে ঢুকে ডাকাতি-ধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ঢুকে ডাকাতির পর ধর্ষণের দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 09:15 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

চার বছর আগের মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান মাতব্বর, আবু সামা, মহিদুল ইসলাম, জহিরুল ইসলাম ও ইলিয়াছ শেখ। এদের মধ্যে ইলিয়াছ শেখ পলাতক।

তবে অভিযুক্ত অপর আসামি আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বারকে খালাস দিয়েছে আদালত।

আদালকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে যাবজ্জীবন, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

“এছাড়া দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ আসামিকে যাবজ্জীবন, প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। উভয় সাজা একসাথে কার্যকর হবে।”

‘কর্ণফুলীতে চারজন নয়, ধর্ষণ দুই নারীকে’

চার নারী ধর্ষণ মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে  

পরে পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে হান্নানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির সময় তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণের অভিযোগে ওই মামলা হয়।

২০১৯ সালের ৩০ অগাস্ট ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিবিআই এ পর্যন্ত যতগুলো মামলার অভিযোগপত্র দিয়েছে, তার মধ্যে এটাই প্রথম রায়।

২০২০ সালের ২২ নভেম্বর ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দিল।

ঘটনার পর পর চার নারীকে ধর্ষণের কথা বলা হলেও আসামিদের জবানবন্দি, ভিকটিমদের সাক্ষী থেকে জানা যায় চারজনকে ধর্ষণের চেষ্টা করলেও দুইজনকে ধর্ষণ করেছিল বলে জানায় তদন্তকারী সংস্থা পিবিআই।

আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বলেন, “ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকে শিশুদের জিম্মি করে পরিবারের দুই নারী সদস্যকে ধর্ষণ করেছিল আসামিরা। অন্য দু’জনকেও তারা ধর্ষণের চেষ্টা করেছিল।”