২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় খুন করে পালিয়ে চট্টগ্রামে, স্বজনই দিলেন ধরিয়ে

ঢাকায় খুন করে চট্টগ্রামে আত্মীয়ের বাসায় পালিয়ে আসা এক যুবককে স্বজনই পুলিশে ধরিয়ে দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2021, 11:43 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

খুনের কথা জানতে পেরে বুধবার মো. আলমগীর হোসেন (৩৩) নামে এ যুবককে তার ভগ্নিপতি থানায় নিয়ে আসেন বলে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন।

আলমগীরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়, থাকতেন ঢাকার সবুজবাগ থানার কদমতলা হক সোসাইটিতে।

ওসি সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলমগীর ও তার শ্যালক নাজমুল হোসেন (২৮) মিলে গত ৩ ডিসেম্বর রাতে হক সোসাইটি সংলগ্ন মান্ডা খালের পাড়ে জহির মুন্সী (২৭) নামে এক যুবককে খুন করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন নাজমুলকে ধরে পুলিশে দেয়। কিন্তু আলমগীর পালিয়ে চলে আসে।”

চট্টগ্রামে টাইগার পাস এলাকায় ভগ্নিপতির বাড়িতে গিয়ে উঠেছিলেন আলমগীর।

“খুন করে পালিয়ে আসার বিষয়টি জানতে পেরে আজ  দুপুরে তার ভগ্নিপতি কৌশলে আলমগীরকে বাসা থেকে বের করে খুলশী থানায় নিয়ে আসে এবং পুলিশকে ঘটনা জানায়। আমরা বিষয়টির সত্যতা পেয়ে আলমগীরকে আটক করে ঢাকার সবুজবাগ থানার কাছে হস্তান্তর করি।”

গত ৪ ডিসেম্বর সবুজবাগ থানায় জহির মুন্সীর বাবা মোকলেস মুন্সী বাদী হয়ে নাজমুল ও আলমগীরকে আসামি করে একটা মামলা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আলমগীরের শ্যালক নাজমুল হক সোসাইটিতে মোকলেস মুন্সীর বাড়িতে সাবলেট থাকতেন। মোকলেসের কাছ থেকে সাত হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। তার ফেরত না দিয়ে তিনি ওই বাসা ছেড়ে দেন।

মোকলেসের ছেলে জহির বিভিন্ন সময়ে পাওনা টাকার জন্য নাজমুলকে বললে তিনি গত ৩ ডিসেম্বর রাতে টাকা পরিশোধের কথা বলে জহিরকে হক সোসাইটির মান্ডা খালের পাড়ে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়। সেখানেই ছুরিকাঘাত করে এবং গলা কেটে হত্যা করা হয় জহিরকে।