২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালে ডুবে যাওয়া নৌকা থেকে মাঝির লাশ উদ্ধার

চট্টগ্রামের শিকলবাহা খালে দুদিন আগে ডুবে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকার কেবিনের ভেতর থেকে এক মাঝির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 07:13 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

বুধবার সকালে সেভেন রিং সিমেন্ট কারখানা সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে খালে ডুবে যাওয়া নৌকা থেকে মো. মহিউদ্দিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

নিহত মহিউদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি ওই নৌকায় প্রধান মাঝির সহকারী ছিলেন।

চট্টগ্রামে নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেরামতের জন্য ডক ইয়ার্ডের পাশে ইঞ্জিনচালিত নৌকাটি রাখা ছিল। গত রোববার রাতে তাতে পানি ঢুকে সেটি খালে ডুবে যায়। এসময় নৌকাতেই একা ঘুমাচ্ছিল মহিউদ্দিন।

“আজ খালে ডুবন্ত নৌকাটির খোঁজ পায় মালিকপক্ষের লোকজন। তারা ডুবুরি দিয়ে কেবিনের ভিতর থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে।”

মহিউদ্দিনের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যান বলে জানান ওসি মিজানুর।

ডুবে যাওয়া নৌকাটি এখনও উদ্ধার করা সম্ভবপর হয়নি।