২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ কুমিল্লায় গ্রেপ্তার চট্টগ্রামের পুলিশ কনস্টেবল

ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কর্মরত এক পুলিশ কনস্টেবল ইয়াবাসহ কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 08:37 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

গ্রেপ্তার মুন্সী আজমীর হোসেন (৩৫) বাকলিয়া থানার বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লা  দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ১৪ হাজার ইয়াবাসহ কনস্টেবল আজমীরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাকলিয়ার ওসি রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে ছিলেন আজমীর। ডিউটি শেষে আট ঘণ্টার বিশ্রামে গিয়েছিল। রাতে তাকে ইয়াবাসহ গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়।

আজমীরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

মামলার এজাহার থেকে জানা যায়, দুপুরে নম্বরবিহীন মোটর সাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন আজমীর। দাউদকান্দি টোল প্লাজা থেকে গোপন সংবাদে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সাথে থাকা ব্যাগ থেকে ছোট ছোট প্যাকেটে থাকা ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজমীর চট্টগ্রামের লেহাগাড়া উপজেলার বাসিন্দা শাহ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।