বরখাস্ত এসআই নওয়াব আলী আত্মসমর্পণের পর কারাগারে
‘অবৈধ সম্পদ’ অর্জনের মামলায় সিআইডির সাময়িক বরখাস্ত এসআই মো. নওয়াব আলীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নওয়াব আলী বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, এ মামলায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। তাদের মধ্যে নওয়াব আলী এতদিন পলাতক ছিলেন।
তার স্ত্রী নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম আগেই আত্মসমর্পণ করে হাজতে ছিলেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
অন্য দুই আসামি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার (অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী এবং কর পরিদর্শক দীপঙ্কর ঘোষ এখনো পলাতক।
এক কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর ২০১৯ সালের ১০ অক্টোবর এ মামলা দায়ের করেন।
গোলজার বেগম মাছ চাষ করে ওই অর্থের মালিক হয়েছেন বলে দাবি করেন দুদকের কাছে। কর কর্মকর্তারাও মাছ চাষের তথ্য দেন প্রতিবেদনে।
মামলার এজাহারে গোলজার বেগম ও তার স্বামীকে প্রথমে আসামি করা হয়। পরে তদন্ত শেষে অভিযোগপত্রে দুই কর কর্মকর্তার নাম যুক্ত করা হয় আসামির তালিকায়।
আদালত অভিযোগপত্র গ্রহণ করে গত ২২ ফেব্রুয়ারি চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর গত মার্চে গোলজার বেগম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।
১৯৯২ সালে পুলিশের কন্সটেবল পদে যোগ দেয়া নওয়াব আলীর বাড়ি গোপালগঞ্জ জেলার কেকানিয়ায়।
দুদকের তদন্তে নওয়াব আলীর নামে বাড়ি এবং গোলজার বেগমের নামে সীতাকুণ্ডে জমি, নগরীতে ফ্ল্যাট, জমি ও মাইক্রোবাসের সন্ধান মেলে।
দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে গোলজার বেগমের নামে মিরসরাই উপজেলার ইছাখালীতে একটি মাছের প্রকল্প দেখানো হয়। কিন্তু দুদকের তদন্তে সেখানে কোনো মাছ চাষ প্রকল্পের সন্ধান মেলেনি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
দুদক বলছে, ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন এবং অবৈধ উপায়ে অর্জিত’ সম্পদ দিয়ে নওয়াব আলী তার স্ত্রীর নামে সম্পত্তি কিনেছিলেন।
