২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জাহাজ ভাঙার জটিলতা কাটল

শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ ফের শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 06:38 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দুই পক্ষের ‘ফলপ্রসূ’ আলোচনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শিপ ইয়ার্ডগুলোতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সঙ্গে বুধবার দুপুরে বিএসবিআরএ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সীতাকুণ্ডের ভাটিয়ারিতে মঙ্গলবার চারটি জাহাজ ভাঙা কারখানায় শুল্ক আদায় কর্তৃপক্ষের অভিযানে ‘সামাজিকভাবে হেয়’ হওয়ার অভিযোগ তুলে বুধবার থেকে বিএসবিআরএ অধিভুক্ত সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

শুল্ক কর্তৃপক্ষের অভিযানের পর কাজ বন্ধ সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে  

সীতাকুণ্ড উপকূলে বিএসবিআরএ অধিভুক্ত দেড়শ ইয়ার্ড থাকলেও বর্তমানে কাজ চলছিল ৬০টিতে। এসব ইয়ার্ডে প্রায় ২০ হাজারের মতো শ্রমিক কাজ করে।

অ্যাসোসিয়েশনের সহকারী সচিব নাজমুল ইসলাম বুধবার সকালে বলেছিলেন, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাটিয়ারি এলাকায় চারটি ইয়ার্ডের অফিসে অভিযান চালায়।

ইয়ার্ডগুলো হল ভাটিয়ারি স্টিল, এস এন করপোরেশনের তিনটি ইউনিট, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড এবং প্রিমিয়ার ট্রেড করপোরেশন।