২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের হুঁশিয়ারি

গণপরিবহনে সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নগর আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 10:38 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক বিবৃতিতে এ হুশিয়ারি দেন।

মঙ্গলবার নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিবৃতির বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে খুশিমত ভাড়া বাড়িয়ে দিয়ে ইচ্ছে মত যাত্রীদের হয়রানি করা হচ্ছে। সরকার যে ভাড়া ঠিক করেছেন তাতে মালিকদের লাভ হয়েছে।

“পাশাপাশি মাঠ পর্যায়ে তাদের ইচ্ছেমত ভাড়া আদায় চলছে। এটা সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং এই সেক্টরে সরকারের নামধারী যে সকল কর্তৃপক্ষ আছে তারা তলে তলে সরকার পতনের ষড়যন্ত্র করছে।”

বিবৃতিতে দুই নেতা বলেন, “শুধু ডিজেলের ক্ষেত্রে শতকরা ২৩ ভাগ জ্বালানি মূল্য বাড়ানো হলেও পরিবহনকে শতকরা ২৭ ভাগ এবং লঞ্চের ক্ষেত্রে ৩৭ ভাগ ভাড়া বাড়ানোর কর্তৃপক্ষের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

“তবে অবাক বিস্ময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, পরিবহন মালিকেরা ভাড়া নির্ধারণ কমিটিতে আজগুবি ব্যয় দেখিয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এর পর রাস্তায় যাত্রীদের কাছ থেকে আরও বেশি আদায় করছে।”

বিবৃতিতে তারা বলেন, “আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে শুধু ডিজেলের ক্ষেত্রে, গ্যাস ও পেট্টোলের ক্ষেত্রে নয়। সিএনজিচালিত পরিবহন নীতি বর্হিভূতভাবে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে।“

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে পণ্য ও গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে ভাড়া বাড়ানোর আশ্বাস পেয়ে গাড়ি চলাচল শুরু করে।

কিন্তু এরপর বিভিন্ন গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় এমনকি গ্যাসচালিত যানবাহনেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসতে থাকে।