২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোববার ‘বাস চালাবে’ মালিকদের একপক্ষ

তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটের মধ্যে চট্টগ্রাম মহানগরে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে মালিকদের একটি পক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2021, 08:14 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

তিন দিনের ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ রোববার সকাল ৬টা থেকে বাস চালানোর ঘোষণা দেয়।

তবে রোববারের বৈঠক থেকে নতুন করে বাসভাড়া নির্ধারণের দাবিও জানান তারা।

বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে রোববার পর্যন্ত সারা দেশে গণ ও পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক ও শ্রমিক সংগঠনগুলো। তেলের বর্ধিত দাম প্রত্যাহার বা ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার কোন ঘোষণা ছাড়াই ডিজেলের দাম বাড়িয়েছে। সেকারণে আমরা ধর্মঘটে গিয়েছি, কিন্তু হরতালতো দিই নি।

“অথচ দেখা যাচ্ছে শ্রমিক-কর্মচারী নামধারী কিছু লোকজন নগরীর বিভিন্ন এলাকায় হরতালের নাম করে পিকেটিং করছে। সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িও চলাচলে তারা বাধা দিচ্ছে। এ ধরণের হওয়ার কথা না!”

‘রাজনৈতিক ইন্ধনে’ একটি মহল ধর্মঘটের সুযোগ নিয়ে ‘জল ঘোলা করার চেষ্টা’ করছে বলে মনে করেন এই পরিবহন মালিক নেতা।

তিনি বলেন, “সেকারণে রোববার সকাল থেকে আমাদের মালিক সমিতির অধিভুক্ত বাসসমূহ মহানগরীতে চালানোর ঘোষণা দিয়েছি। আমরা রোববারের বৈঠক থেকে নতুন ভাড়া কার্যকর দেখতে চাই।”

চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস-মিনিবাস-হিউম্যান হল্যার মিলিয়ে মালিক সংগঠন রয়েছে সাতটির মতো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের পরিচালনায় নগরীতে সোনারবাংলা, মেট্রো প্রভাতীসহ কয়েকটি বাস সার্ভিস পরিচালিত হয়।

তাদের অধীনে নগরীতে সাড়ে তিনশর মতো বাস চলাচল করে।