কাট্টলীর বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু
চট্টগ্রামের উত্তর কাট্টলীতে একটি বাসায় আগুন লেগে দগ্ধ ছয়জনের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম (৪২) নামে ওই নারী মারা যান বলে জানান আকবর শাহ থানার ওসি জহির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মহিলার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।”
সোমবার গভীর রাতে নগরীর উত্তর কাট্টলী এলাকার মমতাজ মিয়ার মালিকানাধীন মরিয়ম ভিলার ষষ্ঠতলার একটি বাসায় আগুন লেগে দগ্ধ হন সাজেদা বেগম, তার তিন ছেলে, এক মেয়ে ও তার পুত্রবধূ।
তাদের সবাইকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই বিভাগের এক চিকিৎসক বলেছিলেন, দগ্ধদের সকলের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ৭ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে।
পুলিশের ভাষ্য, ওই বাসায় গ্যাসের চুলায় লিকেজ ছিল। সেখান থেকে সম্ভবত গ্যাস জমেছিল। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করতেই সেখানে আগুন লেগে যায়।
