এক বাড়িতে এক বছর পর আবার অগ্নিকাণ্ড, আরেক মৃত্যু
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর মরিয়ম ভিলার ছয়তলার ফ্ল্যাটে এক বছরের ব্যবধানে অগ্নিকাণ্ডের দুই ঘটনায় মারা গেলেন দুজন, দগ্ধ হলেন আরও ১৩ জন।
বাড়ির মালিকের ‘গাফিলতি’ এবং ওই বাসার বাতাস নির্গমনের ব্যবস্থা যথাযথ না হওয়ায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল বলে দাবি সংশ্লিষ্টদের।
তিন কক্ষের ওই ফ্লাটে গত বছরের ৯ নভেম্বর সকালে আগুন লেগে নয়জন দগ্ধ হন, তাদের মধ্যে মারা যান এক বৃদ্ধা।
সোমবার রাতে আগুন লেগে দগ্ধ হন এক পরিবারের ছয়জন। এদের মধ্যে একজন মারা যান। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বলছে, ওই বাসার একটি কক্ষে মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করার সঙ্গে সঙ্গে সৃষ্ট ফুলকি থেকে ঘরে আগুন লেগে তারা দগ্ধ হন।
বাইরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে যান ঘরের কর্তা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী জামাল শেখ।
গত বছরের ঘটনায় ইলেকট্রিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে জমে থাকা ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস বলেছিল। তবে পরে ওই বাসার গ্যাসের লাইন ও চুলা অক্ষত পাওয়া গিয়েছিল।
বাড়ির মালিক মমতাজ মিয়ার দাবি, তার ভবনের গ্যাস লাইনে কোনো ত্রুটি নেই।
তবে ভাড়াটিয়া জামাল শেখ বলছেন, এর আগে গ্যাসের গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে বললেও তারা গা করেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্না ঘরের জমে থাকা গ্যাসের কারণে দুর্ঘটনা ঘটেছে।”
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নিদগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বর্তি করা হয়। তারা হলেন সাজেদা বেগম (৪২), শাহজাহান শেখ (২৫), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪), স্বাধীন শেখ (১৭) ও দিলরুবা বেগম (১৮)।
এর মধ্যে জামালের স্ত্রী সাজেদা মঙ্গলবার রাতে মারা যান।
দগ্ধ সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্ন ইউনিটের প্রধান রফিক আহম্মেদ জানান।
অভিযোগ বাড়িওয়ালার দিকে
ছয়তলা মরিয়ম ভিলায় মোট ফ্ল্যাট রয়েছে ১৫টি। ভাড়াটিয়া আছে ১১টিতে। ভবন মালিক মমতাজ মিয়া বাড়িটিতে থাকেন না। এর দেখাশোনা করেন তার স্ত্রীর বড় ভাই বখতেয়ার।
ষষ্ঠতলায় তিন কক্ষের এফ-২ ফ্ল্যাটে পেশায় জামাল শেখ তার স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, ছেলের বউসহ থাকছেন পাঁচ মাস ধরে।
জামাল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে তার স্ত্রী, তিন ছেলে, নয় বছরের মেয়ে দগ্ধ হয়েছে। টয়লেটে থাকায় বড় ছেলের বউ রক্ষা পান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “রাতের খাবারের পর সবাই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমার ছোট মেয়ে প্রতি রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারে। সে রাতে ব্যাট দিয়ে মশা মারার সময় হঠাৎ ফুলকি দিয়ে ঘরে আগুন লেগে যায়।”
সাত-আট দিন ধরে ঘরের ভেতর গ্যাসের গন্ধ পাচ্ছিলেন বলে জানান জামাল শেখ।
তিনি বলেন, “বাড়ির কেয়ারটেকার বখতেয়ারকে সেসময় আমরা বিষয়টি জানালে, সে বাইরে থেকে গন্ধ আসছে বলে এড়িয়ে যায়। কয়েকদিন আগে আবারও বললে সে গুরুত্ব দেয়নি।”
গ্যাসের গন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে সোমবার রাতের দুর্ঘটনাটি ঘটত না বলে দাবি করেন তিনি।
জামাল বলেন, এই বাসায় গত বছর আগুন লাগার বিষয়টি তিনি এক মাস আগে শুনেছিলেন। তারপর বাসাটি ছাড়তেও চাচ্ছিলেন। তবে মালিক মমতাজ মিয়া সময় দিয়ে নোটিস ছাড়া বাসা ছাড়া যাবে না বলে জানিয়ে দেওয়ায় আর ছাড়তে পারেননি।
মমতাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার গ্যাসের লাইনে কোনো লিক নাই, কোনো ফল্টও নাই। দোষ ভাড়াটিয়ার। তাদের মশার ব্যাটের ফুলকি থেকেই আগুন লেগেছে।
“ঘটনার পরপর সেখানে গেছি। ওই ঘরে আগুন লাগার সাথে আওয়াজ হওয়ার কথা আমি শুনেছি। সেখানের একটি ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে।”
এর আগেও একই বাসায় অগ্নিকাণ্ডের বিষয়ে মমতাজ মিয়া বলেন, “তখন যারা তদন্ত করেছিল, তারা ভাড়াটিয়ার অসচেতনতার কথা বলেছিল। বাসায় কোনো সমস্যা পায়নি।”
ভাড়াটিয়া গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ পেয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ‘বিষয়টি ঠিক নয়’ বলে তিনি দাবি করেন।
ভবনটি দেখভালের দায়িত্বে থাকা বখতেয়ারকে জিজ্ঞাসাবাদ করছে আকবর শাহ থানা পুলিশ।
কারণ কী?
অগ্নিকাণ্ডের পর মরিয়ম ভিলায় যান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেডিজিসিএল) কর্মকর্তারা।
কেডিজিসিএল’র ডিজিএম (সরবরাহ) অনুপম দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার লোকজন বলছে গ্যাসের গন্ধ পেয়েছে। কিন্তু আমরা গ্যাসের চুলা, রান্নার লাইন সব অক্ষত পেয়েছি।”
গত বছরের দুর্ঘটনার পরও কেডিজিসিএল বলেছিল, গ্যাস লাইন, চুলা বা সরবরাহ লাইনের কোনো ত্রুটি ছিল না।
তখন পুলিশ বলেছিল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ওই সময় ঘরের বেশ কিছু বৈদ্যুতিক তার গলে যাওয়ার কথা পুলিশ জানিয়েছিল।
এবারের অগ্নিকাণ্ড নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, রান্নাঘর গ্যাসের উৎস হয়ে থাকতে পারে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘরের লোকজনের সাথে কথা বলে জেনেছি, তারা এক ধরনের গ্যাসের গন্ধ পেয়েছে। মশা মারার ব্যাট স্পার্ক করার পরপরই বিস্ফোরণ হয়। তবে আমরা রান্নার চুলা বা লাইন অক্ষত পেয়েছি। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ প্রাথমিকভাবে খুঁজে পাইনি।”
সোমবার রাতে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসকর্মীরা গেলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।
এনামুল বলেন, আগুন লাগার কক্ষটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে সেই কক্ষের জানালাও। অন্য দুটি কক্ষে তুলনামূলক কম ক্ষতি হয়েছে।
কেডিজিসিএল কর্মকর্তা অনুপম বলেন, “ছয়তলার বাসাটি আবদ্ধ বাসা। বাতাস নির্গমনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা সেখানে আমরা দেখিনি।”
