২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাসায় আগুন, ছয়জন দগ্ধ

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি বাসায় আগুন লেগে ছয় জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 11:56 AM

Updated : 02 Aug 2022, 06:32 PM

পুলিশ বলছে, পাইপের ছিদ্র থেকে ওই বাসায় গ্যাস জমেছিল; এর মধ্যে মশা মারার বৈদ্যুতিক ব্যাট চালু করতেই আগুন ধরে যায়।  

সোমবার রাত সাড়ে ১০টার পর উত্তর কাট্টলী এলাকার কমিউনিটি সেন্টার মোড়ে মরিয়ম ভিলা নামের একটি ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে আকবর শাহ থানার ওসি জহির জানান।  

অগ্নিদগ্ধরা হলেন- মাজেদা বেগম (৩৯), শাহজাহন শেখ (২৫), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪), স্বাধীন শেখ (১৭) ও দিলরুবা বেগম (১৮)। তারা একই পরিবারের সদস্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান রফিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজন। তাদের ৭ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে।”

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসায় গ্যাসের চুলায় লিকেজ ছিল। সেখান থেকে সম্ভবত গ্যাস জমেছিল ধরে। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করতেই সেখানে আগুন লেগে যায়। ওই পরিবারের ছয়জন তাতে দগ্ধ হন।”

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে।