২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামে দলীয় কার্যালয়ে সমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতা-কর্মীদের মিছিলে পুলিশের বাধা ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 07:15 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর কাজীর দেউড়ি এলাকার ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে কাজীর দেউড়ি মোড়ে জড়ো হচ্ছিল বিএনপি নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে তারা ইটপাটকেল ছুঁড়ে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করে নিয়ে গেছে।

তবে পুলিশের বাধার পরও নাসিমন ভবনের সামনের মাঠে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে চলে যায়। বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার বিভিন্ন মামলার আসামিরাও মিছিলে ছিল।

“পালিয়ে থাকা এসব আসামিদের ধরার চেষ্টা করেছে পুলিশ। সেখান থেকে সাত জনকে আটক করা হয়েছে।”

তবে পুলিশ কিংবা বিএনপি নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আটক নেতাকর্মীদের নাম জানাতে পারেননি।