ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গি তৈরি না হয়: রেজাউল
কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গি তৈরি না হয়, সেদিকে নজর রাখতে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
সোমবার নগরীর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এতিম ও কোরআনে হাফেজদের মধ্যে কোরআন শরীফ, উপহার সামগ্রী এবং খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়রকে উদ্ধৃত করে বলা হয়, “ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। কোনো কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও হেফজখানায় এক শ্রেণির দুরাচারী শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের ধর্ম সাধনের পরিবর্তে বিপথগামী করছে, অশান্তি, নৈরাজ্য ও নাশকতায় প্ররোচিত করছে এবং কথিত জিহাদের নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে।
“এই জঙ্গিবাদ ইসলাম ও মানবতার মহাশত্রু। এই শক্র যেন পয়দা না হয়, সেদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক ও অভিভাবকদের সর্তক থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, “সমাজকে পরিশুদ্ধ করতে হলে শুদ্ধাচারী ধর্ম চর্চা প্রয়োজন। আবার ধর্মের নামে যাতে অধর্ম চর্চা না হয় সেদিকেও মুরুব্বিদের খেয়াল রাখতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাইফুল করিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নূর মোস্তফা, সাবেক প্রধান শিক্ষক মোহাং মহসিন, আবদুস সালাম জাগিরদার, আবু বক্কর সিদ্দিকী, হায়দার আলী, রেজাউল করিম।
