চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ নেত্রী তপতী সেনগুপ্তকে স্মরণ
চট্টগ্রামে নগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তকে স্মরণ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেলে তার স্মরণে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে প্রয়াত তপতী সেনগুপ্তর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, “ত্যাগী এবং আদর্শনিষ্ঠদের মূল্যায়ন না হলে কঠিন সময়ে দলকে এ জন্য মূল্য দিতে হবে। কারণ দুঃসময়ে সুসময়ের পাখিরা উড়াল দেয়।”
“তপতী সেনগুপ্ত ছিলেন দুঃসময় অতিক্রমে একজন সাহসিকা নারী। পূর্বসূরী নীলুফার কায়সার ও তপতী সেনগুপ্তর নেতৃত্বেই চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক যাত্রা শুরু হয়। এ দুজন আমাদের অগ্রবর্তী কান্ডারী।”
হাসিনা মহিউদ্দিন বলেন, “দু’জনই আজ প্রয়াত। তবে ওনাদের ত্যাগ ও তিতিক্ষা এবং নারীর মঙ্গল ও ক্ষমতায়নে ভূমিকা ও অবদানকে ধারণ করে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগকে সামনের দিকে এগুতে হবে।”
সভায় বিশেষ বক্তা হিসেবে সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সাবিহা মুসা বলেন, “চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগ কঠিন সময়ে সাহসী ভূমিকা রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন নীলুফার কায়সার ও তপতী সেনগুপ্ত।”
৭ অগাস্ট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত। তার বয়স হয়েছিল ৮০ বছর। চট্টগাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ছিলেন তিনি।
নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, রোকসানা আক্তার, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম, কামরুন নাহার বেবী, ফাতেমা আক্তার, আয়েশা ছিদ্দিকী, আয়েশা আক্তার পান্না, জান্নাতুল ফেরদৌস, কান্তা ইসলাম মিনু, লাভলী বেগম প্রমুখ।
