২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ‘ব্যর্থতার কারণেই’ চট্টগ্রামে জলাবদ্ধতা: শাহাদাত

ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘ব্যর্থতার কারণে’ সামান্য বৃষ্টিতেও চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 11:37 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

শুক্রবার বিকেলে নগরীর চকবাজার ডিসি রোড ও ধুনিরপুল এলাকায় কোভিড ও ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, “আমরা মনে করি, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের অভাবেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না। প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর চার বছর পরও নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে না।

এসময় জলাবদ্ধতা নিরসনে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প চলমান থাকার পরও সুফল না পাওয়ার পেছনে কাজের ‘সমন্বয়হীনতা ও দুর্নীতিকে’ দায়ী করেন তিনি।

“চট্টগ্রামের এমপি, মন্ত্রী, মেয়রসহ সংশ্লিষ্ট কারো পক্ষে দায় এড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগের অযোগ্যতা ও ব্যর্থতার কারণেই সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে।”

কর্তৃপক্ষ এখন বলছে, চট্টগ্রামে খালের পাড়ে বেড়া হবে, নালার ওপর স্ল্যাব  

জলজটের চট্টগ্রামে নালায় পড়ে বৃদ্ধ নিখোঁজ  

নালায় পড়া বৃদ্ধের সন্ধান মেলেনি দুই দিনেও  

৩৬ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা  

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত বলেন, “বিগত কয়েক বছর ধরে বৃষ্টিবিহীন দিনেও জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে যায়।

“গত মঙ্গলবার এক রাতের সামান্য বৃষ্টিতেই আবারও নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।”

নগরীর মুরাদপুরে নালায় পড়ে গত বুধবার সালেহ আহমদ নামে এক পথচারীও নিখোঁজ হওয়ার বিষয়টিও তিনি বলেন।

শাহাদাত বলেন, “করোনা মহামারীর এই সময়ে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ যে হারে মশার উৎপাত বেড়েছে তাতে নগরবাসী আতঙ্কিত। মশার উপদ্রবে মানুষ ঘরে টিকতে পারছে না। দিনে রাতে মশার উৎপাতে নগরবাসী এখন অস্থির।

“বিভিন্ন খাল, নালা বর্জ্য ও মাটিতে ভরাট হওয়ায় পানি চলাচলে ব্যঘাত ঘটেছে। এই জমে থাকা পানি এবং জলাবদ্ধতার পানির কারণে মশার প্রজনন বেড়েছে। সঠিক সময়ে নালা-নর্দমা পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।”

নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান চিকিৎসক শাহাদাত।

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নাসির উদ্দিন, আবদুর রহিম, অধ্যক্ষ খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক মো. এমরান উদ্দীন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, বিএনপি নেতা খোরশেদ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।