২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চিকিৎসক স্ত্রীর যৌতুকের মামলা

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগে চট্টগ্রামে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 09:11 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালতে মামলাটি করেন ওই পুলিশ সদস্যের চিকিৎসক স্ত্রী।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় (যৌতুকের জন্য জখম করা) মামলাটি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে মিরসরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।”

মামলার আসামি সার্জেন্ট ইকবাল হোসেন বর্তমানে খুলনায় কর্মরত। বাদী চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় একটি ক্লিনিকে কর্মরত।

গত ১১ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। ইকবালের শ্বশুর-শাশুড়ি থাকেন ইতালিতে।

বাদীর আইনজীবী আল জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে স্ত্রীর নামে থাকা ঢাকার সাভারে থাকা একটি বাড়ি ও একটি প্রাইভেটকার দখল নিতে চাপ দিচ্ছিলেন ইকবাল। কিছু টাকা এবং স্ত্রীর গহনা ইকবাল আত্মসাত করেন তিনি।

গত ২৫ জুলাই যৌতুকের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসায় ইকবাল স্ত্রীকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বাদীর আইনজীবী আল জাবেদ বলেন, তখন ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। এরপর ইকবাল হোসেনকে কক্সবাজার, কুমিল্লা ও সবশেষ খুলনায় বদলি করা হয়।