২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 07:51 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

নিহত ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে রক্তমাখা একটি দা পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, মনসুর অবিবাহিত ও নগরীতে থাকতেন। বন্দরনগরীতে বিভিন্ন দোকানে চা পাতা সরবরাহের কাজ করতেন তিনি।

তিনি বলেন, “দুই বছর পর মনসুর গত ঈদে বাড়ি গিয়েছিলেন। কয়েকদিন থেকে আবার শহরে চলে যান। গত মঙ্গলবার বিকালে তিনি আবার বাড়ি যান। লোকজন না থাকায় তার বসত ঘরটি অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছিল।”

পরিদর্শক সুজন জানান, বুধবার দুপুরে মনসুর ভাত খেয়ে ঘুমাতে গিয়েছিল। বিকালের পরও ঘুম থেকে না ওঠায় তার ভাইয়ের ছেলে তাকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে গলাকাটা অবস্থায় মনসুরের লাশ পড়ে থাকতে দেখে পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মনসুর কিভাবে মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, “যেহেতু গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে সেহেতু আমরা হত্যা মামলা নিয়েছি।

“মনসুরের ভাই বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি করেন।“