কোভিড: চট্টগ্রামে একদিনে ১৫ মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ৯৩৩ জনের মধ্যে সংক্রমণ মিলেছে বলে রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে মোট ৩ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৯৩৩ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে ৫১৯ জন মহানগরী এলাকার এবং বাকি ৪১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নমুনা পরীক্ষা বিবেচনায় এদিন শনাক্তের হার ৩০ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মারা গেছেন, তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ১০ জন এবং বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার।
এর আগের দিন শনিবারে ২৭২৪ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায় ৯২৮ জনের এবং মারা যায় মোট আটজন।
চট্টগ্রামে নমুনা পরীক্ষা শুরুর সময় থেকে এ পর্যন্ত ৯০ হাজার ৫২১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়, এর মধ্যে মারা গেছে ১ হাজার ৫৯ জন।
