কোভিড: চট্টগ্রামে শনিবার একলাখ ৫৭ হাজার ডোজ টিকাদানের লক্ষ্য
চট্টগ্রাম নগরীর ওয়ার্ড এবং জেলার ইউনিয়ন পর্যায়ে শনিবার একদিনের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন মোট এক লাখ ৫৬ হাজার ৯০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে বলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার ২০০ ইউনিয়নে মোট এক লাখ ২০ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। নগরীতে ৩৬ হাজার ৯০০ জনকে টিকা দেওয়া হবে।
শনিবার নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে কেন্দ্রে টিকা দেয়া হবে। প্রতি কেন্দ্রে ৩০০ জন টিকা পাবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ অগাস্ট (শনিবার) শুধু একদিন কোভিড-১৯ এর টিকা দেওয়া হবে। যারা এখানে একবার টিকা দিবে একই কেন্দ্রে ২৮ দিন পরে আবার দিবে দ্বিতীয় ডোজের টিকা নেবেন।
টিকাপ্রাপ্তি সাপেক্ষে ১৪ অগাস্ট আবারও টিকাদান কর্মসূচি আয়োজন করা হতে পারে বলে এই জনপ্রতিনিধি জানান।
চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, “ইউনিয়ন পর্যায়ে ২৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। সেক্ষেত্রে বয়জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হবে। সবারই রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
“তবে এদের মধ্যে টিকাদান কেন্দ্রে কাদের পাঠানো হবে তা স্থানীয় জনপ্রতিনিধিদের নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে কোনো জটিলতা না হয়।”
আরও ৩ লাখ ডোজ টিকা পৌঁছাল চট্টগ্রামে
চট্টগ্রামে করোনাভাইরাসের আরও ৩ লাখ নয় হাজার ৬০০ ডোজ টিকা এসে পৌঁছেছে।
শুক্রবার সকালে চট্টগ্রামে সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে করে আসা এসব ভ্যাকসিন গ্রহণ করেন।
চট্টগ্রামে আসা টিকার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এক লাখ আট হাজার ডোজ, মডার্নার ৩৮ হাজার ৪০০ ডোজ এবং চীনের সিনোফার্মের এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সোমবার ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক স্বাস্থ্য কর্মী। ছবি: মাহমুদ জামান অভি
অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা চট্টগ্রামের দ্বিতীয় ডোজ দিতে অপেক্ষমানদের দেওয়া হবে।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার থেকে মহানগরী ও উপজেলায় বাকি থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। চট্টগ্রাম থেকে এক লাখ পাঁচ হাজার ৪২৫ জন টিকা গ্রহীতা দ্বিতীয় ডোজের জন্য অপক্ষোয় রয়েছেন।
৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার চার লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল আরও তিন লাখ ছয় হাজার ডোজ, ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার দুইশ ডোজ, ১১ জুলাই এক লাখ ৮৪ হাজার ডোজ, ২৮ জুলাই মডার্না ও সিনোফার্মের একলাখ ৮৫ হাজার দুইশ ডোজ কোভিড-১৯ টিকা চট্টগ্রাম আসে।
৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
