২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রাচীন স্থাপত্য রীতির বাড়িটি সংরক্ষণ হবে

চট্টগ্রামে প্রায় তিনশ বছরের পুরনো স্থাপত্য রীতির বাড়িটি ‘প্রত্ন সম্পদ’ হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 11:36 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

পুরনো খবর:

‘তিন শতাব্দী’ প্রাচীন স্থাপত্য রীতির সন্ধান

সরকারপ্রধানের নির্দেশ পাওয়ার পর বাড়িটি সংরক্ষণের লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির মালিকদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসন করেই বাড়িটি ‘প্রত্ন সম্পদ’ হিসেবে সংরক্ষণ করা হবে।  

নগরীর পাথরঘাটায় ১১৮ নজু মিয়া লেইনে হাজী শরিয়ত উল্ল্যাহ সওদাগর নির্মিত একতলা ওই পাকা বাড়ির একাংশ সপ্তাহ দুয়েক আগে ভাঙার কাজ শুরু হয়। বুধবার সেখানে মেঝের নিচে উপুড় করে রাখা সারি সারি খালি কলস পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঘর ঠাণ্ডা রাখাসহ বহুমুখী উপযোগীতার কারণে এটি এ অঞ্চলের একটি অনন্য স্থাপত্য রীতি।

শনিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, ডিসি মোহাম্মদ মমিনুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারী পরিচালক আহমেদ আবদুল্লাহ এবং এসি ল্যান্ড নজু মিয়া লেইনের ওই বাড়ি পরিদর্শন করেন।

চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্নতত্ত্ব আইনে বলা আছে, ৭৫ বছরের পুরনো কোনো স্থাপনা যদি থেকে থাকে, যেখানে প্রত্নতাত্তিক মূল্য রয়েছে, তাহলে সরকার তা অধিগ্রহণ করে। প্রসেস শুরু করেছি। বাড়িটি সংরক্ষণ করব। আর্কিওলজি বিভাগের বিশেষজ্ঞরাও দেখে গেছেন।

“এখন কোন প্রক্রিয়ায় করব? বাড়িটি যেটুকু খনন করা হয়েছে, সেটুকু সে অবস্থায় রাখা হবে। এর বাইরে যে দুই তৃতীয়াংশ এখনো অক্ষত আছে, তা  সেভাবেই আমরা সংরক্ষণ করব। কাজ শুরু হয়েছে। অফিসিয়ালি অধিগ্রহণের যে প্রসেস, আগামী এক বা দু সপ্তাহের মধ্যে সেটা শুরু হবে।”

ছয় গণ্ডা জমির উপর নির্মিত বাড়িটির বর্তমান মালিক আট ভাই ও এক বোন। এর মধ্যে একাংশের তিনটি থাকার কক্ষ এবং একটি বসার ঘর ভাঙা হচ্ছিল।

দুটি থাকার ঘরের মেঝের নিচে কলস পাওয়া গেছে। ভবনের অন্য অংশের নিচেও কলস দেখা যাচ্ছে।

ডিসি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নির্দেশনা দিয়েছেন বাড়িটি সংরক্ষণ করার জন্য। গবেষণার কাজে ব্যবহারের জন্য।

“আমাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, দু-তিনশ বছর আগেও চমৎকার নির্মাণ শৈলী দিয়ে গরমের সময় ঘর ঠাণ্ডা রাখার কৌশল আমাদের পূর্ব পুরুষরা প্রয়োগ করেছেন। যারা আর্কিওলজিস্ট, প্রকৌশল বিদ্যা ও স্থাপত্যের শিক্ষার্থী, তারা যাতে দেখে জ্ঞান আহরণ করতে পারেন, গবেষণা করতে পারেন, সেজন্য সংরক্ষণ করা হবে।”

এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির মালিকদের ক্ষতিপূরণ ও পুনর্বসান করা হবে জানিয়ে ডিসি মমিনুর রহমান বলেন, ভবনটির বয়স নির্ধারণের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারী পরিচালক আহমেদ আবদুল্লাহ বলেন, বাড়িটির নির্মাণ শৈলী, কাঠামো, ব্যবহৃত ইটের কাঠামো এবং মাটির অবস্থা দেখে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি আড়াইশ থেকে তিনশ বছরের পুরনো একটি স্থাপনা।

Image
চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবন ভাঙ্গার পর এর নিচে পাওয়া যায় এসব মাটির কলস। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবন ভাঙ্গার পর এর নিচে পাওয়া যায় এসব মাটির কলস। ছবি: সুমন বাবু

“একই ধরনের স্ট্রাকচার পেয়েছি মোগল আমলের সোনাকান্দা দুর্গে (মুন্সিগঞ্জে), সেটা হয়েছিল আওরঙ্গজেবের সময়কালে মির জুমলা যখন সুবেদার ছিলেন তখন। এটা হয়েছে আরও কিছু পরে। ইটের সাইজসহ সব একই রকম। এটা ব্রিটিশ পিরিয়ডের প্রথম দিককার স্থাপনা বলে ধারণা করছি।”

২০১৫ সালে মুন্সিগঞ্জের ইন্দ্রাকপুর কেল্লার জমিতে নির্মিত একটি ভবনের মেঝের নিচে একই রকম সারি সারি কলস পাওয়া গিয়েছিল।

আহমেদ আবদুল্লাহ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ভবনটি যেভাবে আছে সেভাবে রেখে দিতে। নতুন করে যখন রেস্টোরেশন হবে, তখন যেখানে কলসগুলো যেভাবে ছিল, সেভাবে বসিয়ে দেওয়া যাবে।

“যেহেতু প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন, আমরা আশাবাদী এটা সংরক্ষিত স্থাপনা ঘোষণা করা হবে।”

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত স্থাপনা সংরক্ষণের জন্য বাজেট বরাদ্দ পায়।

ভবনটির বর্তমান মালিকদের দাবি, তাদের দাদার বাবা হাজী শরিয়ত উল্ল্যাহ সওদাগর বাড়িটি নির্মাণ করেন। জাহাজে করে তিনি রেঙ্গুনের (মিয়ানমার) সাথে নৌপথে পণ্য আনা নেওয়ার ব্যবসা করতেন।

রেঙ্গুন থেকে নির্মাণ শ্রমিক ও পোড়া মাটির এসব কলস এনে বাড়িটি তৈরি করতে ২৫ হাজার টাকা খরচ হয়েছিল এবং ভবনটির বয়স তিনশ বছর বলে তাদের দাবি।

Image
শুক্রবার পর্যন্ত এ ভবনের নিচ থেকে ২৭টি কলস তোলেন শ্রমিকরা, নিচে আরো বেশ কিছু কলসের অস্তিত্ব পাওয়ার কথা জানান তারা। ছবি: সুমন বাবু

শুক্রবার পর্যন্ত এ ভবনের নিচ থেকে ২৭টি কলস তোলেন শ্রমিকরা, নিচে আরো বেশ কিছু কলসের অস্তিত্ব পাওয়ার কথা জানান তারা। ছবি: সুমন বাবু

প্রত্নতাত্ত্ববিদ আহমেদ আবদুল্লাহ এ বিষয়ে বলেন, “কোন ব্যক্তি ছিল, কীভাবে নির্মাণ করেছেন সেটা দলিল দস্তাবেজ দেখে ও গবেষণার পর বলা যাবে।

“প্রাথমিকভাবে ধারণা করছি এটা কম করে হলেও আড়াইশ বছর আগে নির্মিত। পরে হয়ত কিছু জিনিস পুনর্নির্মাণ হয়েছে। পরিবারের সদস্যরা উনাদের মত বলছেন। তবে বিশেষজ্ঞ হিসেবে আমাদের ধারণা, উপকরণ দেখে- এটা কম করে আড়াইশ বছরের পুরনো।”

ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সাময়িকী ‘ইতিহাসের খসড়ার’ সম্পাদক ও গবেষক মুহাম্মদ শামসুল হক জানান, ১৮৮৫ সালের দিকে বন্দরনগরীর পাঁচলাইশ এলাকার একটি পুরনো ভবন ভাঙার সময় মেঝের নিচে এরকম কলস মিলেছিল।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান বলেন, “প্রধানমন্ত্রী এই অনবদ্য স্থাপত্য রীতির বাড়িটি সংরক্ষণের নির্দেশ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এটি এ অঞ্চলের ইতিহাসের অংশ হয়ে থাকবে।”