‘তিন শতাব্দী’ প্রাচীন স্থাপত্য রীতির সন্ধান
প্রায় তিনশ বছরের পুরনো পাকা ভবন, যার মেঝের নিচে উপুড় করে বসানো ছিল পোড়া মাটির কলস, কালের পরিক্রমায় তা এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
মেঝে ঠাণ্ডা রাখাসহ বহুমুখী উপযোগিতার কারণে এভাবে মাটির কলস ব্যবহারে এই নির্মাণ শৈলী অনুসরণ করাকে ‘বিশেষ স্থাপত্য রীতি’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
বন্দর নগরীর পাথরঘাটা এলাকায় ১১৮ নজু মিয়া লেনে হাজী শরিয়ত উল্ল্যাহ সওদাগরের তৈরি এক তলা বাড়িটির মেঝের নিচেই পাওয়া গেছে সারি সারি এমন পোড়া মাটির তৈরি পাত্র।
তিন শতাব্দী আগে পাথরঘাটাঘেষে প্রবাহিত হত কর্ণফুলী নদী। আর জমিদার শরিয়ত উল্ল্যাহ সওদাগরের দুটি সরের (কাঠের তৈরি পাল তোলা মালবাহী) জাহাজ ছিল। তিনি রেঙ্গুন (মিয়ানমার) থেকে নৌ পথে পণ্য আনা নেওয়ার ব্যবসা করতেন।
তার উত্তরসূরীদের দাবি, রেঙ্গুন থেকেই শ্রমিক ও পোড়া মাটির এসব কলস এনে ভবন নির্মাণে ব্যবহার করা হয়।
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ইতিমধ্যে এসব মাটির কলস সংগ্রহে উদ্যোগ নিয়েছে। পুরনো ভবনটি ভাঙার কাজ শুরু হয় সপ্তাহ দুয়েক আগে। ধবার প্রথম ভবনের মেঝের নিচে মাটির কলসের সন্ধান মেলে।
চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবনের নিচ থেকে মাটির কলস তুলে আনছেন শ্রমিকরা। ছবি: সুমন বাবু
ভবনটির দেয়ালগুলো দুই থেকে আড়াই ফুট চওড়া। এ পর্যন্ত ভবনের একাংশের তিনটি কক্ষের মধ্যে দুটির মেঝে ভাঙা হয়েছে। দুটি কক্ষের নিচেই মাটির পাত্র পাওয়া গেছে। ভবনের অন্য অংশেও এরকম পাত্রের অস্তিত্ব দেখা যাচ্ছে।
শুক্রবার বিকেল পর্যন্ত শ্রমিকরা ২৭টি কলস বের করে আনে। এখানে শতাধিক কলস মিলতে পারে বলে ভবন মালিকদের ধারণা।
হাজী শরিয়ত উল্ল্যাহ ছেলে আব্দুল আজিম সওদাগর এবং তার ছেলে বাদশা মিয়া সওদাগর। বর্তমানে বাদশা মিয়া সওদাগরের আট ছেলে ও এক মেয়ে আছেন।
প্রায় ছয় গণ্ডা জমির উপর বাড়িটি নির্মিত। ইট, সুরকি ও বার্মাটিক সেগুন কাঠ ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছিল।
বাদশা মিয়া সওদাগরের ছেলে মো. ফারুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বাড়ি কম করে তিনশ বছরের পুরনো। আমাদের দাদার বাবা সরের জাহাজ নিয়ে রেঙ্গুনের সাথে ব্যবসা করতেন। সেখান থেকে মিস্ত্রি (নির্মাণ শ্রমিক) এনে তিনি ভবনটি করেছিলেন। সেসময়ে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয় ভবনটি বানাতে।”
চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবনের নিচ থেকে মাটির কলস তুলে আনছেন শ্রমিকরা। ছবি: সুমন বাবু
“এছাড়া নগরীর কোতোয়ালী মোড়ে ২০০৮-০৯ সালের দিকে সড়ক সম্প্রসারণের সময়ে পুরনো একটি ভবনের নিচে ৮-১০টি মাটির পাত্র মিলেছিল। সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে যায়। পাঁচলাইশ এলাকায় ১৮৮৫ সালের দিকে একটি পুরনো ভবন ভাঙার সময় পুরো মেঝের নিচে এরকম কলস পাওয়া যায়।”
গবেষক শামসুল হক বলেন, “পূর্ব পুরুষদের মুখে শুনেছি তাদের সময়েও পুরনো ভবনের নিচে এরকম পাওয়া যেত। দেশেও এসব মাটির পাত্র তৈরি হত। স্থাপনার স্থায়িত্বের জন্য ব্যবহার হয়ে থাকতে পারে।
“তখন এসব কলস নিয়ে নানা মিথ চালু ছিল। বলা হত এরকম মটকায় গুপ্তধন লুকানো থাকে বা যক্ষের ধন আছে।”
পুরনো ভবনের নিচে সারি সারি মাটির পাত্র পাওয়ার খবর শুনে বিভিন্ন বয়সী মানুষ বাড়িটি দেখতে যাচ্ছেন।
চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবন ভাঙ্গার পর এর নিচে পাওয়া যায় এসব মাটির কলস। ছবি: সুমন বাবু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ভবনটি দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অঞ্চল তখন খুব ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসপ্রবণ ছিল। উপুড় করে মাটিতে বসানো খালি কলস জলোচ্ছ্বাসের সময়ে ‘ফ্লটিং ফাউন্ডেশন’ (ভাসমান ভীত) হিসেবে কাজ করতে পারে। আর ভূমিকম্প হলে মাটি ও ভবনের মাঝে আইসোলেশন হিসেবে কম্পনের প্রভাব হ্রাসে কাজ করতে পারে।
“পোড়ামাটির এসব পাত্র খুবই শক্ত। উপুড় করা অবস্থায় ওজন বিভাজনের কারণে এগুলো এখনো অক্ষত। সুরকি দেওয়া ছাদে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। তখন উন্নত প্রযুক্তি ছিল না। তবে নির্মাণকারীরা খুবই মেধাবী ও প্রকৃতির সাথে সামঞ্জস্য করে টিকে থাকার জ্ঞানসম্পন্ন ছিলেন। প্রকৌশলীবিদ্যার শিক্ষার্থীদের জন্য এটা শিক্ষণীয়।”
চট্টগ্রামের পাথরঘাটার নজু মিয়া লেইনে প্রায় তিনশত বছরের পুরনো একটি ভবন ভাঙ্গার পর এর নিচে পাওয়া যায় এসব মাটির কলস। ছবি: সুমন বাবু
“প্রত্নতাত্ত্বিক ও প্রকৌলশগত গবেষণার জন্য কিছু কলস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চুয়েট এ পাঠানোর প্রস্তাব করেছি আমরা।”
একই ধরণের স্থাপত্য রীতি মুন্সিগঞ্জ জেলার ইন্দ্রাকপুর দুর্গের জমিতে ব্রিটিশ আমলে নির্মিত একটি ছোট আকারের সরকারি ভবনে অনুসরণ করা হয় বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান।
ভবনের নিচে পাওয়া কলস দেখতে আশপাশের এলাকা থেকে আসছেন উৎসুক মানুষেরা। ছবি: সুমন বাবু
“ভবনটির নির্মাণ সময় জেনে প্রত্ম সম্পদ হিসেবে কলসগুলো সংরক্ষণের জন্য জাতিতাত্বিক জাদুঘর কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি। তারা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিবেন। সংগ্রহের পর ইতিহাস উল্লেখ করে সেগুলো জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।”
