কোভিড: চট্টগ্রাম জেলায় এক দিনে ৬০৩ রোগী শনাক্ত
চট্টগ্রাম জেলায় এক দিনে আরও ৬০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে তিন জনের।
জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি পরীক্ষাগারে ১৯০৭টি নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের কোভিড ‘পজিটিভ’ আসে।
নমুনা পরীক্ষার বিবেচনায় এদিন শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ৪৩৬ জন চট্টগ্রাম মহানগরী এলাকার এবং বাকি ১৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তাদের মধ্যে ৩৬ জন মিরসরাইয়ের, ২৮ জন রাউজানের এবং ২৬জন সীতাকুণ্ডের।
গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন মহানগরী এবং একজন উপজেলার বাসিন্দা ছিলেন।
এর আগে শুক্রবার সকাল পর্যন্ত এক দিনে রেকর্ড ৭৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, মৃত্যু হয় ১০ জনের।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৬৪ হাজার ২৯৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৭৫৭ জন মারা গেছেন।
