করোনাভাইরাস: চট্টগ্রামে টানা দ্বিতীয় দিন রেকর্ড রোগী শনাক্ত, ৯ জনের মৃত্যু
আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা শতাধিক বেড়ে চট্টগ্রাম জেলায় এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে; মৃত্যু হয়েছে আরও নয় জনের।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘন্টায় আরও ৬৬২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
আগের দিন এ জেলায় রেকর্ড ৫৫৯ জনের সংক্রমণ ধরা পড়েছিল, যা পরদিনই ভেঙে গেল।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১৮৯০ জনের নমুনা পরীক্ষা করে এই ৬৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ৪৪৯ জন মহানগরীর এবং ২১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নমুনা পরীক্ষা বিবেচনায় এ দিন শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১২ শতাংশ।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয় জনের মধ্যে দুইজন নগরীর এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন। আগের দিন জেলায় ৫ জনের মৃত্যু হয়েছিল।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৯ জন; মৃত্যু হয়েছে মোট ৭৩১ জনের।
সারাদেশের মত চট্টগ্রামেও জুনের শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আগে মহানগরীতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এখন উপজেলাতে আক্রান্তের সংখ্যা বেশি।
