কোভিড: চট্টগ্রাম জেলায় এক দিনে ১০ মৃত্যু, আরও ৩৯৯ জন শনাক্ত
চট্টগ্রামে একদিনে আরও ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১০ জনের।
জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি পরীক্ষাগারে ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ওই ৩৯৯ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, ১১৫ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন, তাদের চারজন মহানগরীর এবং ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
তাদের নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৭০১ জনের মৃত্যু হল। তাদের ৪৭৪ জন মহানগরীর এবং ২২৭ জন ১৪টি উপজেলার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের চট্টগ্রাম জেলায় ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৪৩ শতাংশ। এক দিনে জেলায় মারা গিয়েছিলেন তিনজন।
তার আগের দিন সোমবার ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩২৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪১ শতাংশ। মারা যান সাতজন রোগী।
মহামারী শুরুর পর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৮ হাজার ৭২৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
