২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর মধ্যে চট্টগ্রামে বসবে ছয়টি পশুর হাট

কোরবানির ঈদ সামনে রেখে করোনাভাইরাসের মহামারীর মধ্যেই বন্দরনগরী চট্টগ্রামে তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 10:17 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম মঙ্গলবার এ অনুমোদন পাওয়ার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার সাতটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন চাওয়া হয়েছিল। তবে জেলা প্রশাসন তিনটির অনুমতি দিয়েছে। আমাদের স্থায়ী তিনটিসহ এবার মোট ছয়টি হাট বসবে নগরীতে।”

অস্থায়ী হাটগুলো হলো- নূর নগর হাউজিং সংলগ্ন কর্ণফুলী পশুর হাট, সল্টগোলা রেলক্রসিং এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ।

এছাড়া নগরীর সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড়ে স্থায়ী গরু-ছাগলের হাট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২০ জুলাই কোরবানির ঈদ হতে পারে। সেই হিসাব করে ১২ থেকে ২১ জুলাই অস্থায়ী হাটের অনুমতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের অনুমতিপত্রে বলা হয়েছে, চট্টগ্রামের পুলিশ কমিশনারের মতামতের ভিত্তিতে তিন অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

মহামারীর কারণে অস্থায়ী হাটের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে জেলা প্রশাসন।

তাতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা রাখতে হবে। ক্রেতা-বিক্রেতা সবার মাস্ক পরিধান এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। লাইন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে প্রবেশ ও বের হওয়া ব্যবস্থা করতে হবে।

এছাড়া প্রধান সড়ক থেকে ১০০ গজ দূরে হাট বসাতে হবে, যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। হাটের সীমানার বাইরে বা রাস্তায় কোনো পশু রাখা বা খুঁটি বসানো যাবে না।

হাটে ভেটেরিনারি চিকিৎসকের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামরাও বসাতে বলা হয়েছে শর্তে।

সিটি করপোরেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমরা আগামীকালই ইজারার বিষয়ে নোটিস দিব। এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ করে ইজারা দেওয়া হবে।”

গতবছর কোরবানির ঈদে তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি চারটি অস্থায়ী হাট বসেছিল।