চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শাহাদাত হোসেন লিটন (৩০) নামে একজন মারা যান। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার আব্দুর রাজ্জাকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “জিপিএইচ ইস্পাত কারখানার মূল ফটকের কাছে রাস্তা পারাপারের সময় শাহাদাত হোসেন লিটনকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটন কুমিরা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর দুই নম্বর গেইট এলাকায় আরেক দুর্ঘটনায় মো. পরান (১৫) নামের এক কিশোর মারা যান। তিনি গাইবান্ধার সাপহারা ইউনিয়নের মো. মাহবুবের ছেলে।
পরানকে চমেক হাসপাতালে নেওয়া অটোরিকশার চালক মো. রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইওভারে উঠার মুখে লোকজনের ভিড় দেখে গাড়ি থামিয়ে উনাকে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালে নিয়ে যাই।
“পরান পিকআপের উপরে বসা ছিলেন। পিকআপ ফ্লাইওভারে ওঠার সময় ফ্লাইওভারের মুখে থাকা লোহার ব্যারিকেডে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান বলে শুনেছি।”
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনা হলে চিকিৎসক পরানকে মৃত ঘোষণা করেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
