চট্টগ্রামে রপ্তানির তৈরি পোশাকসহ কভার্ডভ্যান চালক গ্রেপ্তার
ঢাকার একটি কারখানার রপ্তানি পণ্যের চালান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে খোয়া যাওয়া তৈরি পোশাকসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার খলিলুর রহমান (৩২) কাভার্ডভ্যান চালক, যিনি ওই চালান পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের ভাষ্য।
পতেঙ্গার মাইজপাড়া থেকে সোমবার রাতে সাড়ে ৩ হাজার প্যান্টসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির গোয়েন্দা বিভাগের এডিসি (বন্দর) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ার ভ্যাটিকান নিটওয়্যারের ২৪ হাজার ১১৫টি প্যান্ট বিদেশে রপ্তানির জন্য ২৪ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়।
তিনি বলেন, বন্দরে নেওয়ার পর সেখানে তিন হাজার ৫৬০ পিস প্যান্ট কম থাকায় কারখানার পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থানায় মামলা করা হয়। ওই মামলা তদন্তে নেমেই প্যান্টসহ খলিলের সন্ধান মেলে।
“গাডিড় চট্টগ্রাম বন্দরে প্রবেশের আগেই ঢাকা থেকে পাঠানো প্যান্টগুলোর কিছু সরিয়ে ফেলা হয়। সেগুলো পতেঙ্গা মাইজপাড়ায় রাখা হয়।”
এডিসি নোবেল জানান, “খলিল আমদানি-রপ্তানি করা গার্মেন্টেসের মালামাল চুরি চক্রের সদস্য। চক্রটির সঙ্গে কাভার্ডভ্যান চালক, সহকারী ছাড়াও অনেকে জড়িত।”
“বন্দরে আনা-নেওয়ার সময় কাভার্ড ভ্যানের দরজার তালা সিলগালা করা থাকলেও সেগুলো অক্ষত রেখে তারা বিশেষ কৌশলে কার্টন থেকে মালামাল সড়িয়ে ফেলেন।”
এ চক্রটির বেশ কয়েক জনকে গোয়েন্দা পুলিশ শনাক্ত করতে পেরেছেন বলেও জানান এডিসি নোবেল চাকমা।
