চট্টগ্রামেও মোটর সাইকেলে রাইড শেয়ার বন্ধ
করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর মতো বন্দর নগরী চট্টগ্রামেও মোটর সাইকেলে রাইড শেয়ারিং বন্ধের নির্দেশনা দিয়েছে পুলিশ।
কঠোর লকডাউন শুরুর আগের দিন বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হবে বলে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে।
সিএমপির নির্দেশনায় বলা হয়, মোটর বাইকে চালকের সঙ্গে অন্য কেউ চড়লে তাতে সামাজিক দূরত্ব বজায় থাকে না বলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে।
“পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন। যা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।”
সোমবার থেকে 'সীমিত পরিসরে লকডাউন' শুরুর পর মোটর সাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার নির্দেশনা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), যা মঙ্গলবার থেকে কার্যকর করা হচ্ছে ঢাকা মহানগরে।
ডিএমপির নির্দেশনা জারির পরদিনই চট্টগ্রাম মহানগরীতেও একই নির্দেশনা জারি হল।
সিএমপির জারি করা এ নির্দেশনা বুধবার নগরবাসীকে যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।
